সংবাদদাতা, আলিপুরদুয়ার: এবার আলিপুরদুয়ার জেলা প্রশাসন দু’দিন ধরে শহরে বড়দিন পালনের সিদ্ধান্ত নিয়েছে। আগামী ২৪ ডিসেম্বর সন্ধ্যা থেকে উৎসব শুরু হবে। চলবে ২৫ ডিসেম্বর পর্যন্ত। শহরের কলেজ হল্ট ও পুরসভা অফিসের মাঝে বক্সা ফিডার রোডের ধারে পুরসভার রবীন্দ্র শিশু উদ্যানে এই উৎসব হবে। জেলাশাসক আর বিমলা বলেন, মূলত শিশুদের আনন্দ দিতেই একটানা দু’দিন ধরে বড়দিনের উৎসব করা হচ্ছে।
Advertisement
জেলা প্রশাসন জানিয়েছে, দু’দিনের বড়দিনের উৎসব উপলক্ষ্যে গোটা জেলা শহরকে রঙিন আলোকমালায় মুড়ে ফেলা হবে। পাশাপাশি শহরের ম্যাকউইলিয়াম হাইস্কুল থেকে একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুল পর্যন্ত ২০০ মিটার বক্সা ফিডার রাস্তার একপাশে বসবে ফুড স্টল। স্টলগুলিতে এলাকার মহিলা স্বনির্ভর গোষ্ঠীগুলির বানানো রকমারি খাবার থাকবে। তার জন্য একমুখী বক্সা ফিডার রোডের ২০০ মিটার রাস্তায় যান নিয়ন্ত্রণও করা হবে। জেলা প্রশাসনের এই উদ্যোগে খুশি শহরের বাসিন্দারা। আলিপুরদুয়ার পুরসভার চেয়ারম্যান প্রসেনজিৎ কর বলেন, জেলা প্রশাসনের উদ্যোগকে স্বাগত জানাই।



