Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

গোরুমারার জঙ্গলে শুকনো ঘাসে আগুন, ৪ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

জঙ্গলের শুকনো ঘাস পোড়াতে গিয়ে বিপত্তি! গোরুমারা জঙ্গলের বিস্তীর্ণ অংশের ঘাসে বৃহস্পতিবার আগুন লেগে যায়।

গোরুমারার জঙ্গলে শুকনো ঘাসে আগুন, ৪ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে
  • ৪ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, ময়নাগুড়ি: জঙ্গলের শুকনো ঘাস পোড়াতে গিয়ে বিপত্তি! গোরুমারা জঙ্গলের বিস্তীর্ণ অংশের ঘাসে বৃহস্পতিবার আগুন লেগে যায়। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। আগুন নিয়ন্ত্রণে আনতে খবর পাঠানো হয় দমকল কেন্দ্রে। একটি ইঞ্জিন এসে আগুন নেভাতে শুরু করে। খবর পেয়ে আসেন ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষ সহ বিরাট পুলিস বাহিনী। এছাড়াও বনদপ্তরের বুধুরাম বিট, গোরুমারা বিট, রামশাই মোবাইল স্কোয়াডের কর্মীরা চলে আসেন। প্রায় চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে বলে দমকল সূত্রে জানা গিয়েছে। 

Advertisement

তৃণভোজী প্রাণীদের জন্যই জঙ্গলের শুকিয়ে যাওয়া ঘাস কেটে প্রতিবছর এ সময় পুড়িয়ে দেওয়া হয়। বৃহস্পতিবার ওই কাজই করছিলেন বনকর্মীরা। হঠাৎ করেই দমকা হাওয়া শুরু হয়। আগুন ছড়িয়ে পড়ে। আগুন এতটাই তীব্র হয়ে যায় যে একসময় নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। বন, দমকল কর্মীদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। 
গোরুমারা অভয়ারণ্যের এডিএফও রাজীব দে বলেন, জাতীয় উদ্যানে তৃণভোজী প্রাণীদের জন্য ঘাসের জমি আছে। প্রতিবছরই শুকিয়ে যাওয়া ঘাস কেটে পুড়িয়ে দেওয়া হয়। সেই কাজই চলছিল বৃহস্পতিবার। এখন শুখা মরশুম। হঠাৎ করে দমকা হাওয়া শুরু হওয়ার কারণে আগুন ছড়িয়ে যায়। একসময় নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ময়নাগুড়ি থানার পুলিস সহ বনকর্মী এবং দমকল কর্মীরা তাঁদের যথাসাধ্য প্রচেষ্টা চালিয়ে কয়েক ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণ নিয়ে আসেন। ঘাস পুড়ে গেলেও প্রাণহানির ঘটনা ঘটেনি। 
দমকল ওসি নিতাই শীল বলেন, আমাদের একটি ইঞ্জিন গিয়েছিল। আগুন নিয়ন্ত্রণে আনতে প্রায় চার ঘণ্টা সময় লেগেছে।  আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা। - নিজস্ব চিত্র।

Advertisement
সম্পর্কিত সংবাদ