সংবাদদাতা, কালনা: ১১দফা দাবিতে শুক্রবার কালনা মহকুমা শাসকের কাছে স্মারকলিপি জমা দিল ভারত জাকাত মাঝি পারগানা মহল। আদিবাসীদের জাহের থানের উন্নয়ন ও রেকর্ডভুক্ত করা। আদিবাসী শ্মশানের উন্নয়ন। আবাস যোজনা থেকে বাদ যাওয়া আদিবাসীদের ঘরের ব্যবস্থা করার দাবি স্মারকলিপিতে জানানো হয়। এদিন সংগঠনের তরফে আদিবাসী পুরুষ ও মহিলারা মিছিল করে তির ধনুক নিয়ে মহকুমা শাসকের দপ্তরে সামনে বিক্ষোভ সমাবেশ করেন। পরে ছয় সদস্যের প্রতিনিধি দল মহকুমা শাসক শুভম আগরওয়ালের সঙ্গে দেখা করে ১১দফা দাবিতে স্মারকলিপি জমা দেন। সংগঠনের জেলা নেতৃত্ব বিজয়চন্দ্র সোরেন বলেন, আমাদের জাহের থান, শ্মশানের জায়গা রেকর্ড করতে ব্লক স্তর থেকে গড়িমসি করছে। আদিবাসী বহু পরিবারকে জমির পাট্টা দেওয়া হচ্ছে না। থানা থেকে সরকারি অফিসগুলিতে আদিবাসীদের সঙ্গে দুর্বব্যহার করা হচ্ছে। আমাদের সমাজের পুরোহিত ও পঞ্চজনদের ভাতার ব্যবস্থা করতে হবে। এছাড়াও আরও বেশকিছু দাবি আমরা জানিয়েছি। মহকুমা শাসক দাবিগুলি গুরুত্ব দিয়ে দেখার আশ্বাস দিয়েছেন।



