সেরা প্রশংসা
সেরা প্রশংসা
‘কাফির’-কে ঘিরে নানা মহল থেকে প্রশংসা পাচ্ছেন দিয়া। এখনও পর্যন্ত সেরা কমপ্লিমেন্ট কোনটা? নায়িকা হেসে বলেন, ‘এই শো-র লেখকের (ভবানি আইয়ার) থেকে পাওয়া কমপ্লিমেন্ট আমার কাছে সেরা। কারণ উনি আমাকে বলেছিলেন যে ‘কাফির’ আমার জন্যই লেখা হয়েছে। আর প্রসেনজিৎ স্যার (চট্টোপাধ্যায়) আমাকে মেসেজ করেছিলেন। উনি ‘কাফির’ দেখেছেন। ওঁর খুব ভালো লেগেছে বলে জানিয়েছেন। এটাও আমার জন্য অনেক বড় প্রাপ্তি।’
মূল্যবান উপহার
‘কাফির’ কি দিয়ার কেরিয়ারে সাধারণ একটি প্রজেক্ট? নাকি এর অন্য কোনও তাৎপর্য রয়েছে? অভিনেত্রী বলেন, ‘আমি এর আক্ষরিক অর্থ বলতে চাই না। একজন শিল্পীর দৃষ্টিভঙ্গি থেকে আমি ‘কাফির’-এর অর্থ বলতে চাই। এটা আমার জন্য অত্যন্ত বিশেষ এবং মূল্যবান এক উপহার। এই ছবির গল্প আমাকে যে উচ্চতায় নিয়ে গিয়েছে, তা আগে কখনও হয়নি। জীবন সম্পর্কে উপলব্ধি বদলেছে এই প্রজেক্টে। আর ‘কায়নাজ’ (দিয়া অভিনীত চরিত্রের নাম) আমার জীবনের এক অংশ হয়ে উঠেছে। ভয় পেয়ে জীবনের কোনও সিদ্ধান্ত নিতে নেই, এটা আমি এই চরিত্র থেকেই শিখেছি। মেয়েদের ছোটবেলা থেকেই ভয় পেতে বলা হয়। কিন্তু ভয়কে সরিয়ে রেখে জীবনের সব সিদ্ধান্ত আমাদের নেওয়া উচিত।’
মানসিক চ্যালেঞ্জ
নানা ধরনের চ্যালেঞ্জ সামলে এত বছরের কেরিয়ারে অভ্যস্ত হয়ে উঠেছেন দিয়া। কিন্তু ‘কাফির’ তাঁকে অন্য ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি করেছিল। দিয়ার কথায়, ‘৩৬৫ পাতার চিত্রনাট্য আমরা ৫০ দিনের মধ্যে শ্যুট করেছিলাম। দিনে ১৮-১৯ ঘণ্টা আমাদের কাজ করতে হতো। ‘কাফির’ আমার জন্য শুধু শারীরিক নয়, মানসিক চ্যালেঞ্জ ছিল। এর একাধিক দৃশ্য আমাকে মানসিকভাবে প্রভাবিত করেছিল। জেলের ভিতর ধর্ষণের দৃশ্যের পর আমি বমি করে ফেলেছিলাম।’
সমাজমাধ্যমের চাপ
কেরিয়ারের শুরুর দিকে সমাজমাধ্যমের কোনও চাপ দিয়াকে সামলাতে হয়নি। কিন্তু ইদানীং সেটাও বিশেষ দক্ষতার মধ্যে পড়ে। কীভাবে মানিয়ে নেন? দিয়ার উত্তর, ‘সব কিছুর সীমারেখা থাকা প্রয়োজন। ব্যক্তিগত আক্রমণ কখনওই কাম্য নয়। এতে মানসিক স্বাস্থ্যের ক্ষতি হয়।’
ব্যয়বহুল
সাম্প্রতিক অতীতে বলিউডের ব্যবসার দিকে তাকালে খুব লাভজনক ফল পাওয়া যাবে না। হিন্দি ছবি থেকে কি একাংশের দর্শক মুখ ফিরিয়ে নিয়েছেন? দিয়ার উপলব্ধি, ‘মানুষ বাড়িতে বসে এখন ওটিটি-তে ভালো কনটেন্ট দেখতে পাচ্ছেন। তাহলে খরচ করে সিনেমাহলে যাবেন কেন? এখন থিয়েটারে গিয়ে সিনেমা দেখা ভীষণই ব্যয়বহুল।’
দেবারতি ভট্টাচার্য • মুম্বই