Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

১০০ দিনের সেল পরিচালনায় হিমশিম দশা, চার বছর কেন্দ্রের বরাদ্দ বন্ধ, শিলিগুড়ি মহকুমা পরিষদের কাছে আবেদন

১০০ দিনের সেল পরিচালনায় হিমশিম দশা, চার বছর কেন্দ্রের বরাদ্দ বন্ধ, শিলিগুড়ি মহকুমা পরিষদের কাছে আবেদন
  • ৬ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সুব্রত ধর, শিলিগুড়ি: কেন্দ্রীয় বরাদ্দ বন্ধ। দীর্ঘ প্রায় চারবছর ধরে মেলেনি ‘এক নয়া কড়িও’। ফলে শিলিগুড়িতে ১০০ দিনের কাজ প্রকল্পের জেলা অফিস চালাতে গিয়ে হিমশিম খাচ্ছেন আধিকারিকরা। অভিযোগ, নিয়মিত অফিস পরিচালনা করা তো দূরের কথা, কর্মীদের বেতন প্রদান হচ্ছে না। নিরুপায় হয়ে শিলিগুড়ি মহকুমা পরিষদের কাছে আর্থিক সহায়তা চাইল সংশ্লিষ্ট সেল। বৃহস্পতিবার তারা এ ব্যাপারে পরিষদের কাছে চিঠি পাঠিয়েছে বলে খবর। একইসঙ্গে মহকুমায় ৩১ হাজার শ্রমিকের বকেয়া মজুরির পরিমাণ প্রায় ১২ কোটি টাকা। ইতিমধ্যে তাঁদের পাশে দাঁড়িয়েছে রাজ্য সরকার। 
Advertisement
পরিষদের দোতলায় ১০০ দিনের কাজ প্রকল্পের অফিস বা সেল। একসময় সর্বক্ষণ জমজমাট থাকত অফিসটি। বর্তমানে সেখানে কার্যত ভাটা পড়েছে। শ্রমিকদের ভিড় নেই। নেই কর্মীদের ব্যস্ততা। প্রশাসন সূত্রের খবর, বর্তমানে সংশ্লিষ্ট সেলের দায়িত্বে দু’জন অফিসার ও ছ’জন চুক্তিভিত্তিক কর্মী রয়েছেন। অফিসারদের মধ্যে একজন জেলা প্রকল্প আধিকারিক। প্রায় চারবছর ধরে কেন্দ্রীয় সরকার অর্থ বরাদ্দ না করায় অফিস পরিচালনার কাজ কার্যত থমকে গিয়েছে। নিয়মিত চুক্তিভিত্তিক কর্মীদের বেতন দিতে গিয়ে সমস্যা হচ্ছে বলে খবর। 
প্রশাসনের এক আধিকারিক জানান, সেলের কাজকর্ম সুষ্ঠুমতো পরিচালনার জন্য পরিষদের কাছে দু’লক্ষ টাকা চাওয়া হয়েছে। পরিষদের আধিকারিকরা জানান, অর্থ স্থায়ী সমিতিতে আলোচনা করে সংশ্লিষ্ট বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। সম্ভবত মহকুমা পরিষদের নিজস্ব তহবিল থেকে ঋণ হিসেবে ওই অর্থ প্রদান করা হবে। শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ অবশ্য বলেন, এটা অভ্যন্তরীণ বিষয়। এ ব্যাপারে কিছু বলা সম্ভব নয়। তবে কেন্দ্রের অর্থনৈতিক অবরোধের জেরে ১০০ দিনের কাজ প্রকল্পের অফিস চালাতে সমস্যা হচ্ছে। 
প্রসঙ্গত, ২০২১ সালের ডিসেম্বর মাসে ১০০ দিনের কাজ প্রকল্পের বরাদ্দ বন্ধ করে দেয় কেন্দ্র সরকার। এ ব্যাপারে বহুবার কেন্দ্রের কাছে দরবার করে রাজ্য। এমনকী, রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস এর বিরুদ্ধে আন্দোলনও করে। কিন্তু বিজেপির শাসিত কেন্দ্রীয় সরকার এখনও প্রকল্পের বরাদ্দ চালু করেনি। প্রশাসন সূত্রের খবর, শিলিগুড়ি মহকুমায় চারটি ব্লকে ১০০ দিনের কাজ প্রকল্পে কাজ করেও মজুরি পাননি ৩১ হাজার ৮০ জন শ্রমিক। তাঁদের পাওনার পরিমাণ প্রায় ১২ কোটি টাকা। প্রকল্পের নির্মাণ কাজের উপকরণের দাম বাবদ পাওনার পরিমাণ ৪ কোটি ৭৬ লক্ষ ১২ হাজার ১৫০ টাকা। কর্মচ্যুত শ্রমিকদের একাংশ কাজের খোঁজে ভিনরাজ্যে পাড়ি দিয়েছেন।
সভাধিপতি বলেন, ইতিমধ্যে সংশ্লিষ্ট শ্রমিকদের একাংশকে আর্থিক সহায়তা করেছে রাজ্য সরকার। কিছু শ্রমিককে ৫০ দিনের কাজও দেওয়া হচ্ছে। সময় মতো এর জবাব পাবে কেন্দ্র। যদিও মাটিগাড়া-নকশালবাড়ির বিজেপি বিধায়ক আনন্দময় বর্মন বলেন, রাজ্য সরকারের অনিয়মের জেরেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে। সুতরাং কেন্দ্রের বিরুদ্ধে ওঠা অভিযোগ ঠিক নয়।
সম্পর্কিত সংবাদ