নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ১০০ দিনের কাজ প্রকল্পে এবার পুকুর খননের উপরে জোর দেবে কেন্দ্র। এতে একদিকে যেমন জলের সমস্যা দূর হবে, তেমনই চাষের কাজে লাগবে ওইসব পুকুরের জল। হবে মাছ চাষও। ফলে কৃষকের উপার্জন বৃদ্ধির সম্ভাবনাও তৈরি হবে। কমবে গ্রামে গরিবের সংখ্যাও। এমনটাই মনে করেন কৃষি ও গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান। বর্ষার আগেই গ্রামে গ্রামে পুকুর খননের ওপর জোর দিতে বলেছেন তিনি।
Advertisement
১০০ দিনের কাজ প্রকল্পে দেশে এখনও ১ কোটি ১১ লক্ষ পুকুর খনন করা হয়েছে বলে মন্ত্রক সূত্রে জানা গিয়েছে। ঝাড়খণ্ডের মতো রুক্ষ রাজ্যেও এই প্রকল্পে চাষের জমির পাশে ডোবা তৈরি করা হচ্ছে। বৃষ্টির জল সেখানে ধরে রেখে চাষের কাজে লাগানো হচ্ছে। একইভাবে অসমের মতো রাজ্যে যেখানে বৃষ্টিপাত বেশি, সেখানেও পুকুর খনন করে জল ধরে রাখা হলে মৎস্য চাষ করা যেতে পারে। পুকুর কাটার পাশাপাশি চাষের জমির মধ্যে দিয়ে নালা কেটে সেখানেও জলের ব্যবস্থা করার পরামর্শ দিচ্ছে কেন্দ্র।



