সংবাদদাতা, বিষ্ণুপুর: মাত্র দু’দিনের জ্বরে আট বছরের এক বালিকার মৃত্যুর ঘটনায় বিষ্ণুপুরের বিদ্যাসাগর গ্রামে চাঞ্চল্য ছড়ায়। মৃতের নাম অন্বেষা দে। তার বাড়ি বিদ্যাসাগর গ্রামেই। পরিবার সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সন্ধ্যা থেকে অন্বেষার জ্বর আসে। ওইদিনই স্থানীয় এক চিকিৎসককে দেখানো হয়। শনিবার ভালোই ছিল। রবিবার ভোরে হঠাৎ শ্বাসকষ্ট শুরু হয়। তড়িঘড়ি বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসাপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে আসে। পুলিস ও হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মৃতদেহ বিষ্ণুপুর জেলা হাসপাতালে ময়নাতদন্ত করানো হয়। তার রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
Advertisement
পরিবার সূত্রে জানা গিয়েছে, বিদ্যাসাগর গ্রামের বাসিন্দা পেশায় কৃষক প্রশান্ত দের তিন ছেলে মেয়ে রয়েছে। ছেলে মেয়েদের মধ্যে অন্বেষা বড়। সে ডিহর প্রাইমারি স্কুলে দ্বিতীয় শ্রেণিতে পড়ছিল। প্রশান্তবাবু বলেন, জ্বর হলে আমরা সাধারণত স্থানীয় ডাক্তারের কাছেই যাই। না সারলে তখন শহরে ডাক্তার দেখানো হয়। প্রথমদিন ওষুধ খেয়ে ভালো ছিল। রবিবার ভোরে হঠাৎ শ্বাসকষ্ট হয়। এত তাড়াতাড়ি সব শেষ হয়ে যাবে তা বুঝতে পারিনি।



