Bartaman Logo
৭ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ডিএলএড পার্ট টু: সাঁওতালি ভাষায় প্রশ্নপত্র না পেয়ে বিক্ষোভ, ফের পরীক্ষা নিচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদ

সাঁওতাল ছাত্রছাত্রীদের বিক্ষোভের মুখে পড়ে ডিএলএড পার্ট টু’র এডুকেশন স্টাডিজের পরীক্ষা নতুন করে নিতে বাধ্য হচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদ।

ডিএলএড পার্ট টু: সাঁওতালি ভাষায় প্রশ্নপত্র না পেয়ে বিক্ষোভ, ফের পরীক্ষা নিচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদ
  • ২১ আগস্ট, ২০২৫ ০৪:০০

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সাঁওতাল ছাত্রছাত্রীদের বিক্ষোভের মুখে পড়ে ডিএলএড পার্ট টু’র এডুকেশন স্টাডিজের পরীক্ষা নতুন করে নিতে বাধ্য হচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। ঝাড়গ্রামের রামগড়ে অবস্থিত পশ্চিম মেদিনীপুর জেলা শিক্ষা ও প্রশিক্ষণ কেন্দ্র (ডায়েট)-এর পরীক্ষাটি কাল, শুক্রবার বেলা ১২টা থেকে দুপুর ৩টে পর্যন্ত নেওয়া হবে। মূল পরীক্ষাটি ছিল ১২ আগস্ট। তবে, সেদিন সাঁওতালি ভাষায় অর্থাৎ অলচিকি হরফে প্রশ্নপত্র না পেয়ে বিক্ষোভ দেখান ছাত্রছাত্রীরা। অনেকেই পরীক্ষা দিতে অস্বীকার করেন। ঝাড়গ্রাম শহরের প্রাণকেন্দ্রে বিক্ষোভ দেখান প্রার্থীরা। পর্ষদের এক কর্তা বলেন, ‘সংশ্লিষ্ট ভাষাপত্র ছাড়া অন্যান্য পেপার বা বিষয়ের পরীক্ষায় প্রশ্নপত্র থাকে বাংলা এবং ইংরেজিতে। এক্ষেত্রেও তাই হয়েছিল। কেন্দ্রীয় নিয়ামক সংস্থা এনসিটিই তেমনই নির্দেশ দিয়েছে। চাইলেই সমস্ত ভাষায় প্রশ্নপত্র করা সম্ভব নয়।’ তাহলে নতুন করে পরীক্ষা কীভাবে হবে? জানা যাচ্ছে, প্রশ্নপত্র আলাদা করে অলচিকি হরফে, সাঁওতালি ভাষায় অনুবাদ করে দেওয়া হচ্ছে এই কেন্দ্রে। জরুরিকালীন ভিত্তিতেই এই বিশেষ ব্যবস্থা করা হয়েছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ