Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

অনুগতদের নিয়েই হবে জেলা কমিটি, দলবিরোধীদের বিরুদ্ধে ব্যবস্থা : সুভাষ

দলের অনুগতদের নিয়ে তৈরি হবে নতুন জেলা কমিটি। লোকসভায় দলবিরোধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূল জেলা সভাপতি সুভাষ ভাওয়াল। পুনরায় জেলা সভাপতির দায়িত্ব পেয়েছেন মন্ত্রী বিপ্লব মিত্র ঘনিষ্ট সুভাষ

অনুগতদের নিয়েই হবে জেলা কমিটি, দলবিরোধীদের বিরুদ্ধে ব্যবস্থা : সুভাষ
  • ১৮ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, গঙ্গারামপুর: দলের অনুগতদের নিয়ে তৈরি হবে নতুন জেলা কমিটি। লোকসভায় দলবিরোধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি  দিয়েছেন তৃণমূল জেলা সভাপতি সুভাষ ভাওয়াল। পুনরায় জেলা সভাপতির দায়িত্ব পেয়েছেন মন্ত্রী বিপ্লব মিত্র ঘনিষ্ট সুভাষ। চেয়ারম্যানের দায়িত্বে থাকলেন কুমারগঞ্জের বিধায়ক তোরাফ হোসেন মণ্ডল। জেলার দায়িত্ব পেয়েই বিস্ফোরক সুভাষ। তাঁর বক্তব্য, লোকসভা নির্বাচনে দলে থেকে যারা বিরোধীদের সুবিধা করে দিয়েছে তাদের বিরুদ্ধে এবারে কঠোর ব্যবস্থা নেওয়ার সময় এসেছে। 

Advertisement

গত লোকসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র প্রায় ১০ হাজার ভোট পরাজিত হন বিজেপির সুকান্ত মজুমদারের কাছে। দলের অন্তর্ঘাতের কারণেই ওই পরাজয় ছিল বলে রাজ্য নেতৃত্বের কাছে অভিযোগ করেছিলেন জেলা  সভাপতি সুভাষ। এবারে সেইসব নেতাদের চিহ্নিত করে কঠোর ব্যবস্থা গ্রহণের কথা জানান দায়িত্ব হাতে পেয়ে। 
২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জেলায় বসে থাকা তৃণমূল নেতৃত্ব ও কর্মীদের মূলস্রোতে এনে কাজ করার সুযোগ দেওয়ার কথা জানিয়েছেন সুভাষ। 
জেলা তৃণমূল সভাপতি সুভাষ বলেন, কয়েক মাস ধরে আমাদের কিছু নেতা দলের সাংগঠনিক পরিবর্তন নিয়ে দলের কর্মীদের মধ্যে একটা অস্থির পরিস্থিতির বাতাবরণ তৈরি করে দিয়েছিলেন। রাজ্য নেতৃত্ব আবারও আমাকে দায়িত্ব দিয়েছে। ছাব্বিশের টার্গেট নিয়ে এগবো।
সুভাষের সংযোজন, যাঁরা গত লোকসভা নির্বাচনে দলে থেকে অন্তর্ঘাত করেছেন, তাঁদের বাইরে রেখেই এবারে নির্বাচনে লড়াই করা হবে। বসে থাকা কর্মীদের তুলে নিয়ে আসা হবে প্রথম সারিতে। 
রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্র বলেন, সুভাষের উপর দল আস্থা রেখেছে। লোকসভায় যাঁরা প্রকাশ্যে বিজেপির হয়ে কাজ করে দলের প্রার্থীকে হারাতে সাহায্য করেছেন, তাঁদের আমরা চিহ্নিত করেছি। নতুন কমিটিতে দলের অনুগতদের তুলে আনা হবে। এটাই আমার পরামর্শ দায়িত্বপ্রাপ্তদের কাছে। 
বিপ্লব গোষ্ঠীর বিরোধী বলে পরিচিত রাজ্যের সাধারণ সম্পাদক গৌতম দাস। নতুন জেলা কমিটি গঠন প্রসঙ্গে তিনি বলেছেন, আমি দলের সামান্য কর্মী। দল সুযোগ দিলে কাজ করব। দল যদি মনে করে আমার কাজ করা উচিৎ নয়। তাহলে বসে থাকব। কেউ দলের বিরোধিতা করলে দল ব্যবস্থা নিতে পারে। তবে সময়ই সব উত্তর দেবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ