২০২৫ ডিনো মোরিয়ার কেরিয়ারে মাইলস্টোন হতে চলেছে। ওয়েব শো ‘দ্য রয়্যালস’-এ কাজ করেছেন অভিনেতা। আবার বড়পর্দায় ‘হাউজফুল ৫’ তাঁর কামব্যাক ছবি হতে চলেছে। বহুদিন পর পুরনো সহকর্মীদের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে পেরে খুশি ডিনো। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা বলেন, ‘অক্ষয় কুমার, অভিষেক বচ্চন, ফারদিন খান, রীতেশ দেশমুখ, জনি লিভার, চাঙ্কি পাণ্ডে আমার কাছে পরিবারের মতো। এই তালিকা আসলে অনেক লম্বা। বাস্তবের বন্ধুত্ব অভিনয়ের সময়ও বোঝা যায়। একমাস আমরা একসঙ্গে শ্যুটিং করেছি। বলা যায়, জীবনের সেরা সময় কাটিয়েছি।’ দীর্ঘদিন অভিনয় থেকে বিরতি নিয়েছিলেন ডিনো। পছন্দ মতো অফার না পাওয়ার কারণেই নাকি বিরতির সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে ‘হাউজফুল ৫’ নিয়ে আশাবাদী নায়ক। তাঁর বিশ্বাস, গোটা টিমের পরিশ্রম ফল ভালোই হবে।



