Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

অভিষেকের সঙ্গে ঝামেলায় জড়িয়ে চাপে পড়লেন দিগবেশ, পেলেন কড়া শাস্তি

আইপিএলের শুরু থেকেই কড়া নজর ছিল স্পিনার দিগবেশ সিং রাঠির উপর।

অভিষেকের সঙ্গে ঝামেলায় জড়িয়ে চাপে পড়লেন দিগবেশ, পেলেন কড়া শাস্তি
  • ২০ মে, ২০২৫ ১১:০৫
Prefer us on Google

মুম্বই, ২০ মে: আইপিএলের শুরু থেকেই কড়া নজর ছিল স্পিনার দিগবেশ সিং রাঠির উপর। কোনও ব্যাটারকে আউট করার পর তাঁর সিগনেচার সেলিব্রেশনের জন্য বারবার পড়েছেন শাস্তির মুখে। দু’বার ম্যাচ ফিও কাটা গিয়েছে। বিসিসিআইয়ের তরফে তাঁকে সতর্ক করা হয়েছিল। তারপর থেকেই নিজের সিগনেচার সেলিব্রেশন করতেন একটু আলাদাভাবে। কিন্তু গতকাল, সোমবার সেই সেলিব্রেশনেও গণ্ডগোল পাকিয়ে ফেললেন দিগবেশ সিং। তাই এবার তাঁর বিরুদ্ধে আরও কড়া পদক্ষেপ নিল ভারতীয় ক্রিকেট বোর্ড। গতকাল, সোমবার হায়দরাবাদের ব্যাটার অভিষেক শর্মার সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে বড় শাস্তি পেয়েছেন দিগবেশ।

Advertisement

আইপিএল কমিটি তাঁর গতকালের ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করেছে। সঙ্গে একটি ম্যাচে সাসপেন্ড করা হয়েছে তাঁকে। যার ফলে লখনউয়ের হয়ে পরবর্তী ম্যাচে খেলতে দেখা যাবে না দিগবেশকে। আইপিএলের আচরণ বিধি লঙ্ঘন করেছেন দিগবেশ। তাই তাঁর বিরুদ্ধে এই কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। গতকাল, সোমবার অভিষেককে আউট করেই সিগনেচার সেলিব্রেশনের পাশাপাশি অঙ্গিভঙ্গি করেন দিগবেশ। যাতে বেজায় চটে যান হায়দরাবাদের বাঁ হাতি ব্যাটার। মাঠেই দিগবেশের সঙ্গে ঝগড়া শুরু হয় অভিষেকের।

দুই দলের খেলোয়াড় ও অন ফিল্ড আম্পায়ারের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। আইপিএল কমিটি জানিয়েছে, দিগবেশ এই নিয়ে তিনবার আচরণ বিধি লঙ্ঘন করেছেন। তাঁর ফাইভ ডিমেরিট পয়েন্ট হয়ে গিয়েছে চলতি সিজনে। সঙ্গে গতকালের দিগবেশের ঘটনাটি লেভেল ১ অফেন্সের মধ্যে পড়ে। তাই জরিমানার পাশাপাশি দিগবেশকে এক ম্যাচ সাসপেন্ড করা হয়েছে। যার ফলে গুজরাতের বিরুদ্ধে লখনউ সুপার জায়ান্টসের হয়ে পরবর্তী ম্যাচে খেলতে পারবেন না দিগবেশ।  

Advertisement
সম্পর্কিত সংবাদ