Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বিরাটি স্টেশন সংলগ্ন এলাকায় বিধ্বংসী অগ্নিকাণ্ড, পুড়ে ছাই একাধিক দোকান

শনিবার রাতে হঠাৎই বারাসত-শিয়ালদহ শাখার বিরাটি স্টেশন লাগোয়া দোকানে বিধ্বংসী আগুন। পুড়ে ছাই হয়ে গিয়েছে দু’টি বই-খাতার দোকান।

বিরাটি স্টেশন সংলগ্ন এলাকায় বিধ্বংসী অগ্নিকাণ্ড, পুড়ে ছাই একাধিক দোকান
  • ৮ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বরানগর: শনিবার রাতে হঠাৎই বারাসত-শিয়ালদহ শাখার বিরাটি স্টেশন লাগোয়া দোকানে বিধ্বংসী আগুন। পুড়ে ছাই হয়ে গিয়েছে দু’টি বই-খাতার দোকান। কীভাবে আগুন লাগল, তা নিয়ে চিন্তায় দমকল। আর এই ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। দমকলের দু’টি ইঞ্জিন ঘটনাস্থলে এসে ঘণ্টাখানেকের প্রচেষ্টায় আগুন আয়ত্বে আনে। 

Advertisement

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিরাটি রেলওয়ে স্টেশনের ১ নম্বর প্লাটফর্মের একেবারে শেষের দিকে রয়েছে পরপর বেশ কয়েকটি দোকান। রাতে দোকানগুলি ছিল বন্ধ। কিন্তু সাড়ে দশটা নাগাদ একটি বই-খাতার দোকানে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পাশের আরও দু’টি দোকানে। বিষয়টি নজরে আসতেই স্থানীয়রা তড়িঘড়ি আগুন নেভানোর কাজে হাত লাগান। খবর যায় নিমতা থানায় ও বিরাটি দমকল কেন্দ্রে। দ্রুত দমকলের দু’টি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে বিধ্বংসী অগ্নিকাণ্ডের জেরে বারাসত-শিয়ালদহ শাখায় সাময়িক ব্যাহত হয় ট্রেন চলাচল। নিরাপত্তার স্বার্থে স্টেশন লাগোয়া বেশ কয়েকটি এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। আতঙ্কে নিত্যযাত্রীদের অনেকেই স্টেশনে নামতে ভয় পান। এরইমধ্যে পার্শ্ববর্তী আরেকটি বন্ধ দোকানে আগুন ছড়িয়ে পড়লে স্টেশনে উপস্থিত যাত্রীদের মধ্যেও হুড়োহুড়ি পড়ে যায়। তখন রেলপুলিশ পরিস্থিতি সামাল দেয়। 
স্থানীয় বাসিন্দারা বলেন, কীভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল, তা স্পষ্ট নয়। তবে, বড়সড় বিপত্তি ঘটতে পারত। রেল পুলিশ ও দমকলের চেষ্টায় তা এড়ানো গিয়েছে। সপ্তাহান্তে এই ঘটনায় ট্রেন চলাচল ব্যহত হওয়ায় চরম দুর্ভোগের মধ্যে পড়তে 
হয় যাত্রীদের।

Advertisement
সম্পর্কিত সংবাদ