Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

ফিরছেন দেব-শুভশ্রী

‘দেব ও শুভশ্রী কি ফের জুটি বাঁধবেন পর্দায়?’ গত বছর ‘ধূমকেতু’ মুক্তির সময় থেকেই এই প্রশ্নে সরগরম হয়েছে বিনোদন ইন্ডাস্ট্রি। তারপর একের পর এক ঘটনার ঘনঘটা টলি পাড়ায়।

ফিরছেন দেব-শুভশ্রী
  • ৩ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

‘দেব ও শুভশ্রী কি ফের জুটি বাঁধবেন পর্দায়?’ গত বছর ‘ধূমকেতু’ মুক্তির সময় থেকেই এই প্রশ্নে সরগরম হয়েছে বিনোদন ইন্ডাস্ট্রি। তারপর একের পর এক ঘটনার ঘনঘটা টলি পাড়ায়। একাধিক সাক্ষাৎকারে দু’জনের মন্তব্য নিয়ে বিস্তর জলঘোলা হয়েছে। তাই দর্শকের প্রিয় জুটিকে আবার ফিরে পাওয়া যাবে কি না, তা নিয়ে সংশয় ছিলই। সেই সংশয়ের ইতি ঘটল নতুন বছরের দ্বিতীয় দিন। শুক্রবার জানা গেল, পর্দায় ফিরছে দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের জুটির ম্যাজিক। সোশ্যাল মিডিয়ায় দেব ও শুভশ্রী দু’জনেই নিশ্চিত করেছেন তাঁদের সপ্তম ছবির কথা। ২০২৬-এর পুজোতেই মুক্তি পাবে ছবিটি। 

Advertisement

থ্রিল, রোমান্স, মনোমুগ্ধকর রসায়নের কোলাজ ফুটে উঠবে পর্দায়। যদিও ছবি প্রসঙ্গে এর চেয়ে বেশি কিছু খোলসা করেননি নায়ক। পরিচালনার দায়িত্বে কে থাকছেন, তাও অজানা। অনেকেই মনে করছেন তাঁদের শেষ ছবি ‘ধূমকেতু’র পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় থাকতে পারেন পরিচালকের আসনে। অনেকের ধারণা, নতুন কোনও পরিচালকের কাঁধে গুরুদায়িত্ব আসতে পারে। আবার টলি পাড়ায় ভেসে বেড়াচ্ছে রাজ চক্রবর্তীর নামও। সবমিলিয়ে এ বছরের পুজোয় দেব ও শুভশ্রী জুটির ‘ধামাকা’ দেখার অপেক্ষায় দর্শক। 
১০ বছরের যাবতীয় মান-অভিমানের পালা কাটিয়ে গত বছর মুক্তি পেয়েছিল তাঁদের ‘ধূমকেতু’। সেই ছবি বক্স অফিসে ঝড় তুলেছিল। তাঁদের পরের ছবি নিয়েও তেমনই উন্মাদনা দেখা যাবে বলে আশাবাদী অনুরাগীরা। 
দীর্ঘ ১০ বছর একসঙ্গে কাজ করেননি দেব ও শুভশ্রী। এই সময়ের মধ্যে দু’জনেই অভিনয়ের নিরিখে অনেকটা এগিয়েছেন। নিজেদের খামতিগুলো শুধরে নেওয়ার চেষ্টায় নিরন্তর কাজ করেছেন তাঁরা। দেব শুরু করেছেন প্রযোজনাও। ছবির বিষয় থেকে সিনেমা তৈরির কারিগরি— নিজের প্রযোজনায় একের পর এক পরীক্ষামূলক কাজ করেছেন। কখনও সাফল্য এসেছে। কখনও বা বক্স অফিসে ভালো নম্বর তুলতে পারেনি তাঁর ছবি। কিন্তু চেষ্টায় কোনও ত্রুটি রাখেননি তিনি। এই ছবিটি দেবের কেরিয়ারে ৫১তম। তা তো স্পেশাল হতেই হবে।
অন্যদিকে শুভশ্রীর কেরিয়ারগ্রাফও যথেষ্ট আকর্ষণীয়। বিষয় নির্বাচনের ক্ষেত্রে এখন অনেক সতর্ক তিনি। শুধু নায়িকা নয়, পরিপূর্ণ অভিনেত্রী হয়ে উঠেছেন। দেবের সঙ্গে তাঁর জুটি যে আজও ম্যাজিক তৈরি করতে পারে, তার প্রমাণ ‘ধূমকেতু’। সেই জুটি আবার পর্দায় ফিরছে, অর্থাৎ জোরালো চিত্রনাট্য হাতে পেয়েছেন দু’জনেই। 
গল্পই এখন নায়ক। আবার গল্পই এখন নায়িকা। যে কোনও ইন্ডাস্ট্রির ছবির ক্ষেত্রেই এ কথা প্রযোজ্য বর্তমানে। টলিউডও এখন এই ফর্মাটে কাজ করতে আগ্রহী। এই ধারণায় বিশ্বাসী দেব ও শুভশ্রী দু’জনেই। তাঁদের মতান্তর হতে পারে। মনান্তর হওয়াও আশ্চর্য নয়। তবে শ্যুটিং ফ্লোরে দু’জনেই সমান পেশাদার। গল্প পছন্দ হলে, ভালো সিনেমার স্বার্থে দু’জনে এগিয়ে আসবেন, এটাই স্বাভাবিক। সেই কাজই করছেন তাঁরা। শুধুমাত্র ঘোষণাতেই অনুরাগীদের মধ্যে অপেক্ষা শুরু হয়েছে। একে একে পরিচালক, প্রযোজক, বাকি কলাকুশলীদের কথাও ঘোষণা করবেন নির্মাতারা। কিন্তু সব কিছু ছাপিয়ে দেব-শুভশ্রী জুটির ফিরে আসার অপেক্ষা। 

Advertisement
সম্পর্কিত সংবাদ