Bartaman Logo
২৯ জুলাই, ২০২৬
Advertisement
বর্তমান / কলকাতা

শীতের হিমেল বাতাসেও পুজোর উত্তেজনার উত্তাপ ডেনমার্কজুড়ে, আমস্টেলভিনের আকর্ষণ পাঁচচালা দুর্গা

হিমেল হাওয়া বইতে শুরু করেছে কোপেনহেগেনে। তবে শীতের শীতলতা যেন উধাও ডেনমার্কের রাজধানী শহরে। বরং দুর্গাপুজো ঘিরে স্থানীয়দের মধ্যে ক্রমেই বাড়ছে উত্তেজনার উত্তাপ।

শীতের হিমেল বাতাসেও পুজোর উত্তেজনার উত্তাপ ডেনমার্কজুড়ে, আমস্টেলভিনের আকর্ষণ পাঁচচালা দুর্গা
  • ১৯ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

ভিক্টর বাগ, কলকাতা; হিমেল হাওয়া বইতে শুরু করেছে কোপেনহেগেনে। তবে শীতের শীতলতা যেন উধাও ডেনমার্কের রাজধানী শহরে। বরং দুর্গাপুজো ঘিরে স্থানীয়দের মধ্যে ক্রমেই বাড়ছে উত্তেজনার উত্তাপ। ১৩ বছর আগে ‘বেঙ্গলিজ ইন ডেনমার্ক’ (বিড) নামে এক সংস্থার হাত ধরে কোপেনহেগেনে শুরু হয় দুর্গাপুজো। সেই যাত্রাপথের কথা মনে রেখে এবার তাদের থিম ‘ত্রয়োদশে ত্রিনয়নী’। পুজো কমিটির পক্ষে দেবর্ষি মুখোপাধ্যায় জানান, প্রথমে মাত্র আটটি পরিবার এই পুজোর সঙ্গে যুক্ত ছিল। কালে কালে তা বেড়ে এখন ৫০টি পরিবার হয়েছে। কলকাতার বিশিষ্ট প্রতিমাশিল্পী মোহনবাঁশি রুদ্রপাল এবং প্রদীপ রুদ্রপালের তৈরি মূর্তি দিয়েই পুজো হচ্ছে গত ১৩ বছর ধরে। এমন প্রতিমা নর্ডিক দেশগুলিতে বিরল। ১০৮টি পদ্মফুল আনা হয় থাইল্যান্ড থেকে।’ পুজোর ক্ষেত্রেও রয়েছে অভিনবত্ব। এখানে পুজোর দায়িত্বে থাকেন এক মহিলা সহ তিনজন পুরোহিত। পুষ্পাঞ্জলির মন্ত্রের ইংরেজি তর্জমা করা হয় বিদেশিদের জন্য। নির্দিষ্ট রীতি মেনে পুজোর ভোগ তৈরিতে অংশ নিতে পারেন যে কোনও ধর্মের মানুষ। সুদূর প্রবাসে বসেও পুজো ম্যাগাজিন বার করা হয় বলে জানান দেবর্ষিবাবু। 

Advertisement

মাতৃ আরাধনায় মেতে উঠেছে নেদারল্যান্ডসের আমস্টেলভিনও। সেদেশের রাজধানী আমস্টারডামের কাছের এই শহরে শুরু হচ্ছে ‘হৈচৈ দুর্গাপূজা’। ঢাক, ঢোল, ধূপ-ধুনো, নাচ-গান আর ভোগের আনন্দে মাতবে আমস্টেলভিন। তবে প্রবাসের অন্য পুজোর মতো এখানেও পুজো হবে একটু আগে। ২৬-২৮ সেপ্টেম্বর, তিনদিন। কলকাতার শিল্পী প্রদীপ রুদ্রপালের তৈরি পাঁচচালা দুর্গার পুজো হবে এখানে। উদ্যোক্তাদের দাবি, গোটা নেদারল্যান্ডসে এই প্রথমবার পাঁচচালা দুর্গার পুজো হবে। থাকছে লাইভ মিউজিক কনসার্ট। বাঙালির পুজো কি আর সাংস্কৃতিক অনুষ্ঠান বর্জিত হতে পারে? ‘হৈচৈ দুর্গাপূজা’য় থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠানের এলাহি বন্দোবস্ত। প্রতিদিন সন্ধ্যায় ছোট থেকে বড় সবার জন্য থাকছে নাটক, নাচ-গান। সঙ্গে খাবার–জামাকাপড়–জুয়েলরির স্টল। পুজোর দিনগুলিতে সবাই মিলে একসঙ্গে মেতে উঠতে কোমর বাঁধছে আমস্টেলভিনের প্রবাসীরা।

Advertisement
সম্পর্কিত সংবাদ