নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: বিধাননগর পুরসভার অধীন এক আরবান প্রাইমারি হেল্থ সেন্টারের (ইউপিএইচসি) স্বাস্থ্যকর্মীদের উপর ‘যৌন হয়রানি’ চালানোর অভিযোগ উঠেছে। স্বাস্থ্যকর্মীরা ওই ইউপিএইচসি’র মেডিক্যাল অফিসারের বিরুদ্ধেই বাগুইআটি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ওই ঘটনায় তদন্ত কমিটি গঠন করল উত্তর ২৪ পরগনা জেলা স্বাস্থ্যদপ্তর। সেই সঙ্গে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অভিযুক্ত মেডিক্যাল অফিসারকে ডিউটি থেকে অব্যাহতি দিয়েছে পুরসভা কর্তৃপক্ষ। অন্যদিকে, থানায় যে অভিযোগ দায়ের হয়েছে, তার ভিত্তিতে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে আইনি তদন্তও চলছে।
ওই আরবান প্রাইমারি হেল্থ সেন্টারটি বিধাননগর পুরসভায় রয়েছে। অভিযুক্ত চিকিৎসক তথা মেডিক্যাল অফিসার স্বাস্থ্যদপ্তর থেকে নিযুক্ত। বেশ কিছুদিন আগে একাধিক স্বাস্থ্যকর্মী তাঁর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তোলেন। মহিলা স্বাস্থ্যকর্মীদের সঙ্গে করুচিকর কথাবার্তা বলা, মহিলা স্বাস্থ্যকর্মীদের প্রতি যৌন ইঙ্গিতপূর্ণ ভাষা ব্যবহার, একজন স্বাস্থ্যকর্মীকে কু-প্রস্তাব দেওয়া ইত্যাদি একাধিক অভিযোগ আনা হয়েছিল। পুরসভার কাছে লিখিত অভিযোগ জমা করার পর স্বাস্থ্যকর্মীরা কিছুদিন আগে বাগুইআটি থানায় গিয়ে মেডিক্যাল অফিসারের বিরুদ্ধে লিখিত অভিযোগও দায়ের করেন। তারপরই তদন্ত কমিটি গঠন করে স্বাস্থ্যদপ্তর।
উত্তর ২৪ পরগনা জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সমুদ্র সেনগুপ্ত বলেন, অভিযোগের বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। একবার তদন্তে যাওয়া হয়েছিল। তিনি না থাকায় দ্বিতীয়বার যাওয়া হবে। আর বিধাননগর পুরসভার স্বাস্থ্য বিভাগের মেয়র পারিষদ বাণীব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, বিষয়টি স্বাস্থ্যদপ্তরের অধীনে। স্বাস্থ্যদপ্তরই তদন্ত করছে। এই তদন্ত চলাকালীন তাঁকে ডিউটি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।