Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

পুরষা হাসপাতালে দাঁতের চিকিৎসা শুরু, প্রথম দিনেই ৩৬ জন পেলেন পরিষেবা

পুরষা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে শুক্রবার থেকে দাঁতের চিকিৎসা শুরু হল।

পুরষা হাসপাতালে দাঁতের চিকিৎসা শুরু, প্রথম দিনেই ৩৬ জন পেলেন পরিষেবা
  • ১২ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, মানকর: পুরষা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে শুক্রবার থেকে দাঁতের চিকিৎসা শুরু হল। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, প্রতি শুক্রবার ডেন্টাল কাউন্সিল অব ইন্ডিয়ার নির্দেশে বর্ধমান ডেন্টাল কলেজ ও হাসপাতাল এই পরিষেবা দেবে। মোবাইল ভ্যানের মাধ্যমে পরিষেবা দেওয়া হবে। এতে বহু মানুষ উপকৃত হবে বলে জানা গিয়েছে। প্রথমদিনেই প্রায় ৩৬জন রোগী দাঁতের পরীক্ষা করান। 

Advertisement

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, পুরষা স্বাস্থ্যকেন্দ্রকে স্যাটালাইট সেন্টার হিসেবে চিহ্নিত করা হয়েছে। দাঁতের চিকিৎসার জন্য ডাক্তার, ইন্টার্ন, হাউসস্টাফ সকলেই আসবেন। মোবাইল ভ্যানের মাধ্যমে চিকিৎসা পরিষেবা চলবে। এদিন মোবাইল ভ্যানে উপস্থিত চিকিৎসক সংযুক্তা বাগচি বলেন, এই স্বাস্থ্যকেন্দ্রে এখন ডেন্টাল সার্জেন নেই। দাঁতের চিকিৎসা হচ্ছিল না। এখন থেকে প্রতি শুক্রবার চিকিৎসা হবে।  
ভ্যানে উঠে দেখা যায় দু’টি চেয়ার, মেশিন, লাইট সহ সমস্ত সুবিধা রয়েছে। রোগীদের চিকিৎসা ভ্যানেই হবে। যেসমস্ত রোগীর এখানে চিকিৎসা করা যাবে না বর্ধমান ডেন্টাল কলেজ ও হাসপাতালে তাঁদের রেফার করা হবে। টিকিট এখান থেকেই দেওয়া হবে। চেষ্টা করা হবে যাতে দ্রুত তাঁদের সেখানে চিকিৎসা পরিষেবা দেওয়া যায়। স্বাস্থ্যকেন্দ্রে একটা ঘর পাওয়া গেলে পোর্টেবেল চেয়ার সহ নানা যন্ত্রপাতি আনা হবে বলে জানা গিয়েছে। তাতে আরও বেশি মানুষকে চিকিৎসা দেওয়া যাবে। সংযুক্তাদেবী বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রীর আশীর্বাদে এই ভ্যান পেয়েছি। ভ্যানটি নিয়ে অনেক ক্যাম্প করা হয়েছে। সিএমওএইচ অফিস থেকে গাড়ির চালক ও অ্যাটেন্ডেন্ট দেওয়া হয়।
এদিন মোবাইল ভ্যানে দাঁতের চিকিৎসা হচ্ছে দেখে স্থানীয় বাসিন্দারা স্বস্তি প্রকাশ করেন। স্থানীয় বাসিন্দা শেখ আব্বাস আলি বলেন, পুরষা হাসপাতালে দাঁতের চিকিৎসা হবে শুনে স্বস্তি পেলাম। দাঁতের চিকিৎসার জন্য বর্ধমান ডেন্টাল হাসপাতাল বা বেসরকারি জায়গায় যেতে হতো। এখন থেকে দাঁতের সমস্যায় কষ্ট পাওয়া রোগীরা হাতের নাগালে এই পরিষেবা পেয়ে যাবেন। রোগীরা জানান, বাইরে চিকিৎসা করাতে গেলে অনেক খরচ হয়। সরকারি হাসাপাতালে পরিষেবা চালু হলে এলাকার মানুষ উপকৃত হবে। 
হাসপাতালের বিএমওএইচ সব্যসাচী শিকদার বলেন, প্রতি শুক্রবার আউটডোর সময়ে অর্থাৎ ১০টা থেকে ২টো পর্যন্ত এই পরিষেবা চলবে। দাঁতের চিকিৎসা এখানে শুরু হওয়ায় এলাকার বাসিন্দাদের সুবিধা হবে।-নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ