Bartaman Logo
৮ জুলাই, ২০২৬

দিল্লির এআই সামিটে খরচ ৬৫ কোটি! জানাল মোদি সরকার

নয়াদিল্লির ভারত মণ্ডপমে ‘ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট সামিট’ করতে সরকারের ৬৫ কোটি টাকা খরচ হয়েছে। লোকসভায় এই তথ্য জানাল মোদি সরকার।

দিল্লির এআই সামিটে খরচ ৬৫ কোটি! জানাল মোদি সরকার
  • ১৯ মার্চ, ২০২৬ ১৬:০৩
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: নয়াদিল্লির ভারত মণ্ডপমে ‘ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট সামিট’ করতে সরকারের ৬৫ কোটি টাকা খরচ হয়েছে। লোকসভায় এই তথ্য জানাল মোদি সরকার। গত ১৬-২১ ফেব্রুয়ারি কৃত্রিম বুদ্ধিমত্তা সংক্রান্ত সম্মেলন হয়েছে। আয়োজনে নানা ত্রুটি সহ চীনা সামগ্রীকে ভারতের বলে তুলে ধরায় সমালোচনাও কম হয়নি। এই সম্মেলনের জন্য কেন্দ্র কত টাকা খরচ করেছে, লিখিতভাবে তা জানতে চান তৃণমূল সাংসদ মালা রায়। জবাবে তথ্য-সম্প্রচার রাষ্ট্রমন্ত্রী এল মুরুগন ৬৫ কোটি টাকার কথা জানিয়েছেন। অন্যদিকে, মোদি সরকার ২০১৪ সালে ক্ষমতায় আসার পর থেকে এখনো পর্যন্ত বিজ্ঞাপনের প্রচারে কত টাকা খরচ করেছে, তা জানতে চান মহুয়া মৈত্র। সেই প্রশ্নের সরাসরি জবাব না দিয়ে কয়েকটি সরকারি ওয়েবসাইটের উল্লেখ করেই দায় সেরেছেন মন্ত্রী। রেলের ট্র্যাক রক্ষণাবেক্ষনের কাজে কত শ্রমিক মারা গিয়েছেন, তাঁদের ক্ষতিপূরণ দেওয়া হয়েছে কি না, রেলমন্ত্রীর কাছে জানতে চান কাকলি ঘোষদস্তিদার। জবাবে অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, এখন অনেক সতর্ক হয়ে ট্রাক রক্ষণাবেক্ষন করা হয়। সেই কারণে ২০১৩-১৪ অর্থবর্ষে যেখানে ১৯৬ জন মারা গিয়েছিল, এখন তা প্রায় ৬৬ শতাংশ কমানো সম্ভব হয়েছে। ক্ষতিপূরণ হিসাবে মৃতের পরিবারকে ২৫ লক্ষ টাকা দেওয়া হয়। অন্যদিকে, কৃষি বাজেটের আলোচনায় অংশ নিয়ে মোদি সরকারকে ‘কৃষক বিরোধী’ বলে তোপ দাগেন তৃণমূলের প্রতিমা মণ্ডল। পাশাপাশি, কেন্দ্রের সাহায্য ছাড়া কীভাবে সুন্দরবনে রাজ্যের মধুর প্রকল্প সাফল্য পেয়েছে, তাও উল্লেখ করেন তিনি। পালটা কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান জানান, কেন্দ্রের প্রকল্প চালুই করতে চায় না পশ্চিমবঙ্গ। প্রকল্পে ‘প্রধানমন্ত্রী’ শব্দ দেখলেই তারা আপত্তি করে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ