নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এবারের করোনা পর্বে এই প্রথম মৃত্যুর ঘটনা ঘটল রাজ্যে। কোভিড আক্রান্ত এক মহিলার মৃত্যু হল আলিপুরের এক বেসরকারি হাসপাতালে। স্বাস্থ্যদপ্তর সূত্রের খবর, ঘটনাটি ঘটেছে রবিবার রাতে। ৪৩ বছর বয়সি ওই মহিলা গত সপ্তাহে জ্বর, শ্বাসকষ্টসহ একাধিক সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন। পাশাপাশি তাঁর হার্ট, কিডনি এবং অন্য একাধিক সমস্যার চিকিৎসাও চলছিল।
সংশ্লিষ্ট হাসপাতাল সূত্রের খবর, মধ্যবয়সি ওই মহিলার শারীরিক অবস্থা যথেষ্ট উদ্বেগজনক ছিল। আইসিইউতে রেখেও শেষরক্ষা করা যায়নি। তবে হাসপাতালের দাবি কতটা সঠিক, তা যাচাই করে দেখতে চাইছে স্বাস্থ্যদপ্তর। এক পদস্থ কর্তা বলেন, করোনা হওয়ার জন্যই কি ওই মহিলার শারীরিক অবস্থার গুরুতর অবনতি হল, নাকি এই মৃত্যুর সঙ্গে করোনার কোনও সম্পর্কই নেই, ঘটনাটি নেহাতই কাকতালীয়—আমরা পুরো বিষয়টি খতিয়ে দেখতে চাইছি। তাই আলিপুরের ওই বেসরকারি হাসপাতালের কাছ থেকে চিকিৎসা সংক্রান্ত সমস্ত কাগজপত্র চেয়ে পাঠিয়েছে স্বাস্থ্যভবন।