সাংলি: নিট-এর মক টেস্টে কম নম্বর পেয়েছিল মেয়ে। সেই ‘অপরাধে’ তাকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে। শনিবার রাতে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের সাংলিতে। জানা গিয়েছে, মারধরের জেরে আঘাতের কারণেই মৃত্যু হয় ওই কিশোরীর। মৃতার মায়ের অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিস। ধৃতের নাম ধোন্দিরাম ভোঁসলে (৪৫)। অভিযুক্ত স্থানীয় একটি স্কুলের প্রধানশিক্ষক।
পুলিস সূত্রে খবর, মৃত কিশোরীর নাম সাধনা ভোঁসলে (১৭)। দ্বাদশ শ্রেণির ওই পড়ুয়া নিটের প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু প্রস্তুতি পরীক্ষায় খুব একটা ভালো ফল হচ্ছিল না। এতেই রেগে যায় সাধনার বাবা। শনিবার রাতে এবিষয়ে নিয়ে মেয়ের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে ধোন্দিরাম। ঝগড়ার মাঝে বাবাকে মেয়ে প্রশ্ন করে, ‘তুমিও তো কম নম্বর পেয়েছিলে।’ এতেই আরও রেগে যায় ধোন্দিরাম। সঙ্গে সঙ্গে লাঠি নিয়ে মেয়েকে মারধর করতে শুরু করে অভিযুক্ত। সারারাত মেয়েকে মারধর করে সে। এর জেরে জ্ঞান হারায় সাধনা। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া সত্ত্বেও শেষরক্ষা হয়নি। চিকিৎসা চলাকালীন সেখানেই তার মৃত্যু হয়। অভিযোগ, গুরুতর জখম অবস্থায় থাকলেও মেয়েকে হাসপাতালে নিয়ে যায়নি ধোন্দিরাম। উল্টে যোগ দিবসের অনুষ্ঠানে চলে যায় সে। আটপাডি থানার সিনিয়র ইনসপেক্টর বিনয় বাহির বলেন, ‘সাংলির একটি হাসপাতালে চিকিৎসা চলাকালীন কিশোরীর মৃত্যু হয়। ময়নতদন্তের রিপোর্টে জানা গিয়েছে, একাধিক গুরুতর আঘাতের কারণেই তার মৃত্যু হয়েছে।’