নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আজ সোমবার সুপ্রিম কোর্টে রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা (ডিএ) মামলাটির গুরুত্বপূর্ণ শুনানি হওয়ার কথা। বিচারপরি সঞ্জয় কারোর ও বিচারপতি প্রশান্ত কুমারের ১২ নম্বর আদালতে মামলাটি শুনানির তালিকায় ১৩ নম্বরে নথিভুক্ত হয়েছে। ডিএ মামলার অন্যতম আবেদনকারী কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় রবিবার জানিয়েছেন, শুনানি প্রক্রিয়া চালু হয়ে যাওয়া মামলাগুলির মধ্যে ডিএ মামলাটি তালিকার প্রথমে আছে। তাই আজ মামলাটির বিস্তারিত শুনানি হবে বলেই তাঁরা আশা করছেন।
এর আগে গত ১৬ মে ডিএ মামলাটি সঞ্জয় কারোরের নেতৃত্বধীন বেঞ্চে উঠেছিল। ওইদিন শীর্ষ আদালত সরকারি কর্মীদের পঞ্চম বেতন কমিশনের সুপারিশের ভিত্তিতে বকেয়া ডিএ’র ২৫ শতাংশ ৬ সপ্তাহের মধ্যে মিটিয়ে দেওয়ার নির্দেশ দেয়। ওইদিনই মামলাটির পরবর্তী শুনানির দিন ৪ আগস্ট ধার্য করা হয়। এরপর রাজ্য সরকারের তরফে জুনের শেষদিনে সুপ্রিম
কোর্টে একটি ‘মডিফিকেশন’ আবেদন দাখিল করা হয়। বকেয়া ডিএ’র টাকা দেওয়ার ক্ষেত্রে রাজ্য সরকারের কী কী সমস্যা আছে এবং তৎসহ এই সংক্রান্ত বিভিন্ন বক্তব্য রয়েছে ওই আবেদনে।
এদিকে নির্ধারিত সময়ের পর বকেয়া ডিএ’র ২৫ শতাংশ না-পাওয়ায় মামলাকারী রাজ্য সরকারি কর্মীদের তিনটি সংগঠনের তরফে আদালত অবমাননার মামলা দায়ের করা হয় সুপ্রিম কোর্টে। কনডফেডারেশন ছাড়াও রাজ্য সরকারি কর্মচারী পরিষদ ও ইউনিটি ফোরামের তরফে আদালত অবমাননার মামলাটি করা হয়। সংগঠনগুলির তরফে দাবি করা হয়েছে, প্রথমে মূল মামলাটিই সোমবারের শুনানির তালিকায় ছিল। অদালত অবমাননার মামলার আবেদনগুলির শুনানিও আজ সোমবার অন্তর্ভুক্ত হয়েছে।