নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: নির্দিষ্ট বেঞ্চ বসেনি। তাই মঙ্গলবার সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ (মহার্ঘ ভাতা) মামলা। রাজ্য সরকারি কর্মীদের বকেয়া বেতনের অন্তত ২৫ শতাংশ মামলা চলাকালীনই মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। যদিও পশ্চিমবঙ্গ সরকার তা দিতে চাইছে না। রাজ্য সরকারের কাছে অর্থের অভাবই তার কারণ বলে সর্বোচ্চ আদালতে জানিয়েছে। এমত আবহে মঙ্গলবার মামলাটি শুনানির জন্য তালিকাবদ্ধ হলেও তা হল না। মূল মামলাটি শুনছে সঞ্জয় কারোল এবং বিচারপতি পি কে মিশ্রর বেঞ্চ। কিন্তু এদিন এক নম্বর এজলাসে সাংবিধানিক বেঞ্চে ব্যস্ত থাকায় এই মামলা শুনতে পারলেন না বিচারপতি মিশ্র। তাই বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চে মামলাটি তালিকাবদ্ধ হলেও শুনানি পিছিয়ে গেল। শীঘ্র শুনানির তারিখ দেওয়া হবে বলে জানিয়েছে শীর্ষ আদালত।



