নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সের্গিও লোবেরা বনাম আন্তনিও লোপেজ হাবাস। মোহন বাগানের বর্তমান বনাম প্রাক্তন কোচের ডুয়েল দেখতে মুখিয়ে সমর্থকরা। গঙ্গাপাড়ের ক্লাব ছেড়ে কাশীর ঘাটে নৌকা ভিড়িয়েছেন হাবাস। আই লিগ চ্যাম্পিয়ন হয়েই আইএসএল খেলছে তারা। আগে ঠিক ছিল ২৬ এপ্রিল যুবভারতীতে অনুষ্ঠিত হবে মোহন বাগান বনাম ইন্টার কাশী ম্যাচ। তবে নির্বাচনী গেরোয় পাল্টে গেল ম্যাচের তারিখ। আসলে ২৩ ও ২৯ এপ্রিল রাজ্যে ভোট। ফলে পর্যাপ্ত পুলিশ পাওয়া দুষ্কর। অতএব ঠিক হয়েছে যুবভারতীতে আগামী ১২ মে এই ম্যাচটি অনুষ্ঠিত হবে। তবে কিক অফের সময় পাল্টাচ্ছে না। ম্যাচ শুরু সন্ধ্যা ৭-৩০ মিনিটে।
আইএসএলে মোহন বাগানের পরের প্রতিপক্ষ জামশেদপুর এফসি। আন্তর্জাতিক ব্রেকের পর ইস্পাত নগরীতেই ফের মাঠে নামছেন কামিংসরা। বৃহস্পতিবার কলকাতায় অনুশীলন করে জামশেদপুর রওনা দেবে মেরুন-সবুজ ব্রিগেড। ম্যাচের আগেরদিন সেখানেই চূড়ান্ত প্রস্তুতি সারবেন লোবেরা। লিস্টন, মনবীর সহ জাতীয় দলের ৬ ফুটবলার সরাসরি দলের সঙ্গে যোগ দেবেন। গত ম্যাচে ঘরের মাঠে মুম্বইয়ের কাছে পরাস্ত হয় মোহন বাগান। চ্যাম্পিয়নশিপের ক্ষেত্রে তাই জামশেদপুর ম্যাচ অতীব গুরুত্বপূর্ণ। উল্লেখ্য ৬ ম্যাচে দু’দলেরই পয়েন্ট ১৩। কিন্তু গোল পার্থক্যে এগিয়ে থাকায় লিগ টেবিলে দ্বিতীয় স্থানে রয়েছেন ম্যাকলারেনরা। যে কোনও মূল্যে ৩ পয়েন্ট তুলে আনতে মরিয়া কোচ সের্গিও লোবেরা। মাধি তালাল না থাকায় প্রতিপক্ষের মাঝমাঠ বেশ দুর্বল। সেখানেই আঘাত হানতে চায় সবুজ-মেরুন সারথি। তবে মোহন বাগানেও প্লে-মেকারের অভাব রয়েছে। পাশাপাশি ঘরের মাঠে টাফ ফুটবল খেলাই সানান, প্রণয়দের ট্রেন্ড। অনুমান করাই যায় কড়া ট্যাকেল বরাদ্দ থাকবে রবসন, কামিংসদের জন্য। পাশাপাশি দীর্ঘকায় স্টিফেন এজের দিকেও নজর থাকবে। ফ্রি-কিক , কর্নারের সময় নিঃশব্দে বিপক্ষ বক্সে উঠে আসেন এজে। হেডে জাল কাঁপাতেও সিদ্ধহস্ত। এক্ষেত্রে আলবার্তোর সঙ্গে লড়াই জমবে ভালো।