নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজধানী এক্সপ্রেসের চালক অপহরণ মামলা থেকে আগেই তিনি অব্যাহতি পেয়েছিলেন। ১৬ বছর আগে লালগড়ে সিপিএম নেতা প্রবীর মাহাত হত্যা মামলা থেকেও অব্যাহতি চেয়ে এবার আদালতে আর্জি জানালেন তৃণমূল নেতা ছত্রধর মাহাত। কলকাতায় এনআইএ আদালতে ওই আর্জি জানানো হয়। বুধবার কলকাতার বিচারভবনের মুখ্য বিচারক সুকুমার রায় ওই আবেদনের শুনানির দিন ধার্য করেন আগামী ২৭ জুন। আদালত সূত্রের খবর, জঙ্গলমহলের অভিযুক্ত এই নেতার ওই আর্জির বিরোধিতা করেছে এনআইএ। শুনানির দিন তাদের বক্তব্য পেশ করার কথা।
এদিন ছত্রধরের দুই কৌঁসুলি জাকির হোসেন ও সঞ্জয় সিংয়ের দাবি, ‘রাজনৈতিক উদ্দেশ্যেই আমাদের মক্কেলকে মিথ্যা খুনের মামলায় জড়ানো হয়েছে। তা থেকে তাঁর অব্যাহতি চাইছি।’
আদালত সূত্রের খবর, একসময় চার্জ গঠন করে এই মামলার শুনানি চলছিল ঝাড়গ্রাম আদালতে। পরে তদন্তভার নেয় এনআইএ। ফলে মামলার নথিপত্র ও কেস‑ডায়েরি স্থানান্তরিত হয় এনআইএ আদালতে। সেই মামলায় তাঁকে গ্রেপ্তার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। পাশাপাশি রাজধানী এক্সপ্রেসের চালক অপহরণ মামলারও তদন্তভার নেয় তারা। কিন্তু যথেষ্ট তথ্য‑প্রমাণ পেশ না-হওয়ায় মামলাটি থেকে এনআইএ আদালত তাঁকে ‘মুক্তি’ দেয়। আদালতে ছত্রধর দাবি করেন, ওই ঘটনার সঙ্গে তিনি কোনোভাবেই যুক্ত নন।
আদালত সূত্রের খবর, ছত্রধরের বিরুদ্ধে মামলা ছিল ২৮টি। প্রবীর হত্যা মামলা ছাড়া বাকিগুলি থেকে তিনি ইতিমধ্যেই অব্যাহতি পেয়েছেন। এদিন তাঁর আইনজীবীরা বলেন, ‘খুনের মামলা থেকে আমাদের মক্কেলের অব্যাহতি চেয়েছি। আশা করি, ন্যায়বিচারই পাব।’