Bartaman Logo
২৮ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ঠাকুরনগরের মেলাতেও রান্নার গ্যাস অমিল, বেশি দামে বিপাকে ব্যবসায়ীরা

রান্নার গ্যাস না পেয়ে বন্ধ হয়ে যাচ্ছে একের পর এক হোটেল রেস্তরাঁ। ঠাকুরনগরে মতুয়া মেলায় আসা ব্যবসায়ীরাও পড়েছেন সমস্যায়। তাঁদের কালোবাজারে বাড়তি দামে কিনতে হচ্ছে গ্যাস।

ঠাকুরনগরের মেলাতেও রান্নার গ্যাস অমিল, বেশি দামে বিপাকে ব্যবসায়ীরা
  • ১৬ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বনগাঁ: রান্নার গ্যাস না পেয়ে বন্ধ হয়ে যাচ্ছে একের পর এক হোটেল রেস্তরাঁ। ঠাকুরনগরে মতুয়া মেলায় আসা ব্যবসায়ীরাও পড়েছেন সমস্যায়। তাঁদের কালোবাজারে বাড়তি দামে কিনতে হচ্ছে গ্যাস। খাবারের দোকানগুলির মাথায় হাত পড়েছে। ব্যবসা চালানো নিয়ে দুশ্চিন্তায় পড়েছে তারা।

Advertisement

ঠাকুরনগর মেলায় এসেছেন কয়েকশো ব্যবসায়ী। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন তাঁরা। এঁদের সকলে মেলা চলাকালীন নিজেরা রান্না করে খাওয়াদাওয়া করেন। তাঁদের রান্না করার জন্য গ্যাসের প্রয়োজন। এছাড়া মেলায় অনেকে খাবারের দোকান দিয়েছেন। চাউমিন, এগরোল, মোগলাই, বিরিয়ানি ইত্যাদি বিভিন্ন খাবারের দোকান বসেছে। মিষ্টির দোকানও বসেছে। রান্নার জ্বালানি হিসেবে গ্যাসই একমাত্র ভরসা তাঁদের। এখন বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। বাড়তি দাম দিয়েও কালোবাজারে গ্যাস পাচ্ছেন না। নদিয়া থেকে আসা অরুণ মণ্ডল মেলায় মিষ্টির দোকান দিয়েছেন। তিনি বলেন, ‘একটি গ্যাস সিলিন্ডার দু’দিনে শেষ হয়। প্রায় ৬০০ টাকা বেশি দিয়ে একটি বাণিজ্যিক সিলিন্ডার পেয়েছি। সিলিন্ডারের সঙ্গে অগ্নিনির্বাপক যন্ত্রও কিনতে হচ্ছে। তার জন্য বাড়তি দাম দিতে হয়েছে।’ বাতাসার দোকান দিয়েছেন সুনীল পোদ্দার। তিনি বলেন, ‘টাকা দিয়ে মেলায় দোকান নিতে হয়েছে। তার উপর বাড়তি টাকা দিয়ে গ্যাস সিলিন্ডার কিনতে হচ্ছে। জানি না কত টাকা লাভ হবে।’ গ্যাসের সমস্যায় পড়েছে চায়ের ছোট দোকান। তাঁদের অনেকের আশঙ্কা, দু-একদিন চালানোর পর বাধ্য হয়ে দোকান বন্ধ করে দিতে হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ