Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

কাঁসর-ঘণ্টা-শাঁখ বাজিয়ে বাংলা নতুন বছর উদযাপন নিত্যযাত্রীদের

অন্যান্য দিন ট্রেনের কু ঝিকঝিক শব্দ শোনেন লাইনের ধারের বাসিন্দারা।

কাঁসর-ঘণ্টা-শাঁখ বাজিয়ে বাংলা নতুন বছর উদযাপন নিত্যযাত্রীদের
  • ১৮ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বনগাঁ: অন্যান্য দিন ট্রেনের কু ঝিকঝিক শব্দ শোনেন লাইনের ধারের বাসিন্দারা। আজ ঝিকঝিক আওয়াজে মিশে গিয়েছিল কাঁসর-ঘণ্টার আওয়াজ, শঙ্খধ্বনি। সবাই অবাক হয়ে দেখতে ছুটে এসেছিলেন। পরে জানতে পারেন, ট্রেনের কামরায় বাংলা নববর্ষ উৎসব উদযাপন করেছেন নিত্যযাত্রীরা। কামরার আসন ফুল দিয়ে সাজিয়ে তাতে গণেশ দেবতাকে বসিয়ে ধুমধাম করে পুজো হয়েছে। শাঁখ-কাঁসর বেজেছে। মন্ত্র পড়া হয়েছে। আর মিষ্টির প্রসাদ খেয়েছেন সব যাত্রী। এমনিতে ভিড়ে ঠাসা বনগাঁ লোকালের নাম শুনলে মানুষের গায়ে জ্বর আসে। তবে বৃহস্পতিবার হাসি, মজা, মিষ্টিমুখে যাত্রাপথ কখন শেষ হয়ে গিয়েছে কেউ টেরই পাননি।এমন নয় যে এই প্রথম এই লোকালে বর্ষবরণ অনুষ্ঠিত হল। বহু বছর ধরেই সকাল সাড়ে সাতটার বনগাঁ-মাঝেরহাট লোকালে উৎসব হয়ে চলেছে। করোনার সময় বন্ধ হয়ে গিয়েছিল। পরবর্তীকালে কিছু অসুবিধার কারণে চলন্ত ট্রেনের কামরায় অনুষ্ঠান হয়নি। এ বছর ফের অনুষ্ঠান পালন হল সাড়ম্বরে। এদিন প্ল্যাটফর্মে ট্রেন আসতেই প্রথম কামরাটিকে ফুল দিয়ে সাজানো শুরু হয়। ট্রেনের বাইরে ও কামরার ভেতরে সাজিয়ে তোলেন নিত্যযাত্রীরা। রেল লাইনে নারকেল ফাটিয়ে হয় যাত্রা শুরুর আরম্ভ অনুষ্ঠান। সকলকেই মিষ্টিমুখ করানো হয়। এমন দৃশ্য দেখে অন্যান্য সাধারণ যাত্রীরা হতবাক। তারপর অংশ নেন তাঁরা এবং নিত্যযাত্রীদের এই প্রয়াসকে সাধুবাদ জানান। চিত্তরঞ্জন মণ্ডল নামে এক যাত্রী বলেন, ‘খুবই ভালো উৎসব। আজ ট্রেনে উঠে দারুণ লাগছে।’

Advertisement

আয়োজক নিত্যযাত্রীরা জানান, সারাবছর এই ট্রেনে তাঁদের যাতায়াত করতে হয়। সবাই তাঁদের পরিবারের মতো। সে পরিবারের মঙ্গল কামনাতেই এই উদ্যোগ। 
প্রদীপ বন্দ্যোপাধ্যায় নামে এক নিত্যযাত্রী বলেন, ‘বিভিন্ন জায়গার যাত্রীরা এই ট্রেনে একত্র হই। বহু মানুষের কর্মস্থল পৌঁছনোর অন্যতম মাধ্যম বনগাঁ-মাঝেরহাট লোকাল। আমরা একটা পরিবারের মত সময় কাটাই। নিজেদের পরিবারের মঙ্গল কামনায় এবং সাধারণ যাত্রীদের মঙ্গল চেয়ে এই পুজোর আয়োজন।’ এই উদ্যোগে খুশি সাধারণ যাত্রীরা। তাঁদের অবশ্য অনুরোধ, ট্রেনে বসার জায়গা নিয়ে নিত্যকার অশান্তি বন্ধ করতে উদ্যোগ নিন নিত্যযাত্রীরা।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ