


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নির্বাচন কমিশনের বাইকে নিষেধাজ্ঞা সংক্রান্ত বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে মামলা দায়ের হল হাইকোর্টে। বিষয়টি নিয়ে বুধবার বিচারপতি কৃষ্ণ রাওয়ের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি মামলা দায়েরের অনুমতি দিয়েছেন। আজ, বৃহস্পতিবার মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। মামলাকারীর আইনজীবীর বক্তব্য, বাইক ব্যবহারে নিষেধাজ্ঞায় সাধারণ মানুষ সমস্যায় পড়বে।
মঙ্গলবার কমিশনের তরফে একটি বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়, ভোটের দু’দিন আগে থেকে কোনো বাইক মিছিল করা যাবে না। পাশাপাশি, ভোটের দু’দিন আগে সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বাইক চালানো যাবে। কিন্তু এই সময় বাইকের পিছনে কাউকে বসানো যাবে না। ভোটের দিনও সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বাইক চালানো যাবে। তবে শর্ত হল, ভোট দেওয়ার উদ্দেশ্যে বা জরুরি কোনো কাজে বাইক নিয়ে বেরলে তবেই এই ছাড় মিলবে।
তবে কমিশনের তরফে জানানো হয়েছে, জরুরি প্রয়োজন যেমন চিকিৎসা, পারিবারিক কাজ কিংবা স্কুলে শিশুদের নিয়ে যাওয়া-নিয়ে আসার মতো ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা বলবৎ হবে না। সামাজিক অনুষ্ঠানে যাওয়ার জন্য যাঁরা বাইকে সওয়ার হবেন, তাঁদেরও ছাড় দেওয়ার কথা বলা হয়েছে। র্যাপিডো কিংবা অন্যান্য অ্যাপভিত্তিক পরিষেবার ক্ষেত্রে এই নিয়ম কার্যকর হবে না। এর বাইরে কেউ বিধিনিষেধ থেকে ছাড় পেতে চাইলে তাঁকে স্থানীয় থানার কাছ থেকে লিখিত অনুমতি নিতে হবে বলে জানায় কমিশন। এবার এসব নির্দেশিকা চ্যালেঞ্জ করে মামলা দায়ের হল হাইকোর্টে।