নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আজ, বৃহস্পতিবার সকাল থেকেই আকাশের মুখ ভার। শহরের মেঘলা আকাশে সূর্যিমামার দেখা মেলেনি। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন, আগামী কয়েকদিনে রাজ্যে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। সঙ্গে বইবে ঝোড়ো হাওয়াও। পূর্বাভাস অনুযায়ী, এদিন শহরের একাধিক জায়গা এবং পাশ্ববর্তী জেলাগুলিতে দমকা হাওয়া-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। ঝোড়ো হাওয়ার গতিবেগ থাকতে পারে ৩০-৪০ কিমি প্রতি ঘণ্টা। এই পরিস্থিতি বজায় থাকবে আগামী মঙ্গলবার পর্যন্ত। তবে বৃষ্টি হলেও তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে না বলেই মনে করা হচ্ছে। আর্দ্রতা বেশি থাকায় প্যাচপ্যাচে গরম অনুভূত হতে পারে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ইতিমধ্যেই ঝড়-বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে, আজ উত্তরবঙ্গের মালদহ, দুই দিনাজপুর, দার্জিলিং এবং জলপাইগুড়িতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তবে আগামী সোমবারের পর এই বৃষ্টিপাতের পরিমান কিছুটা কমবে বলে মনে করা হচ্ছে।



