নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কয়েক দিন আগেও ই এম বাইপাসে ঢালাই ব্রিজের কাছে, শহিদ ক্ষুদিরাম মেট্রো স্টেশনের সামনে এত সংখ্যায় অটো দাঁড়িয়ে থাকত না। কবি সুভাষ মেট্রো স্টেশন বিপর্যয়ের পর চিত্রটা আমূল বদলে গিয়েছে। অনির্দিষ্ট কালের জন্য এই স্টেশন থেকে মেট্রো পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায় শহিদ ক্ষুদিরাম স্টেশনের সামনে গজিয়ে উঠেছে ‘অঘোষিত’ অটো স্ট্যান্ড। আগে এই স্টেশনে ওঠা-নামা করা যাত্রীদের জন্য সামান্য কয়েকটি অটো দাঁড়িয়ে থাকত। এখন সেখানেই অটোর লম্বা লাইন। এর ফলে স্বাভাবিক নিয়মেই রাস্তা আরও সংকীর্ণ হয়েছে। বেড়েছে যানজট। নিত্য দুর্ভোগের শিকার হতে হচ্ছে সাধারণ মানুষ ও নিত্যযাত্রীদের।
গড়িয়া শীতলামন্দির থেকে গড়িয়া রেল স্টেশন পর্যন্ত অটো রুট রয়েছে। ঢালাই ব্রিজ হয়ে সেই অটোগুলি গড়িয়া স্টেশনে যায়। এই রুটের মধ্যেই পড়ে শহিদ ক্ষুদিরাম মেট্রো স্টেশন। কবি সুভাষ বন্ধ হয়ে যাওয়ার পর এই স্টেশনের সিংহভাগ যাত্রী এখন গড়িয়া স্টেশনে নেমে ১০ টাকা অটো ভাড়া দিয়ে শহিদ ক্ষুদিরামে চলে আসছেন। ফলে এক ধাক্কায় কয়েক গুণ ভিড় বেড়ে গিয়েছে এই অটো রুটে। পরিবর্তিত পরিস্থিতিতে কবি সুভাষ থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত নির্দিষ্ট সময় অন্তর সরকারি বাস চালু হলেও সেগুলি পাটুলি ঘুরে আসছে। দুপুরের দিকে থাকছেও না সেই বাস। তাই অটোই যাত্রীদের অন্যতম ভরসা হয়ে উঠেছে। অপেক্ষারত যাত্রীদের লাইন ক্রমশ লম্বা হচ্ছে ‘অঘোষিত’ অটো স্ট্যান্ডে। এক অটোচালক বলছিলেন, ‘এখন তো মেট্রো এখান থেকে ছাড়ছে। দাঁড়ালেই যাত্রী পাওয়া যাচ্ছে। তাছাড়া, এখানে তো আগেও দাঁড়াতাম।’ শহিদ ক্ষুদিরাম স্টেশনের উল্টো দিকে বেশ কয়েকটি খাবারের দোকান আছে। ভিড়ভাট্টা লেগেই থাকে। এই রাস্তা দিয়ে ৪৫ রুটের বাসও যায়। এই অবস্থায় অনেক অটো দাঁড়িয়ে থাকার ফলে রাস্তা ছোট হয়ে গিয়েছে। স্থানীয় এক বাসিন্দার কথায়, ‘কবি সুভাষে মেট্রো বন্ধ হয়ে যাওয়ার পর থকেই দেখছি, ঢালাই ব্রিজ মোড়ে যানজট হয়েই চলেছে। অটো স্ট্যান্ডও তৈরি হয়ে গিয়েছে। এই অবস্থায় আবার একদিকে রাস্তা খোঁড়াখুঁড়িও চলছে। সব মিলিয়ে খুব খারাপ অবস্থা।’
সমস্যার এখানেই শেষ নয়! বেশিরভাগ অটো এখন শহিদ ক্ষুদিরাম মেট্রো স্টেশনের সামনে দাঁড়ানোর ফলে গড়িয়া শীতলামন্দিরে অটোর সংখ্যা কমে গিয়েছে। মেট্রো স্টেশনের সামনে দাঁড়ালেই যেহেতু যাত্রী পাওয়া যাচ্ছে, অনেকেই গড়িয়া স্টেশন থেকে মেট্রো পর্যন্ত কাটা রুটে অটো চালানো শুরু করেছেন। শীতলামন্দিরে দীর্ঘক্ষণ অটোর জন্য দাঁড়িয়ে থাকা এক যাত্রী বলেন, ‘গড়িয়া স্টেশন থেকে ঢালাই ব্রিজ পর্যন্ত এলেই তো ১০ টাকা পেয়ে যাচ্ছে অটো। সমস্যায় পড়ছি আমরা।’