নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পুজোর মধ্যে কেন্দ্র নির্দেশিত স্বচ্ছতা পাকওয়াড়ার বিজ্ঞপ্তি দিয়ে বিপাকে পড়েছিল রাজ্য সমগ্র শিক্ষা মিশন। শিক্ষক এবং শিক্ষাপ্রশাসক মহলে তা নিয়ে তুমুল বিতর্ক তৈরি হয়। সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, ১৬ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যের স্কুলগুলিতে পরিচ্ছন্নতা সম্পর্কিত বার্ষিক প্রকল্প রূপায়ণ করতে হবে। এই কর্মসূচিকেই কেন্দ্র নাম দিয়েছে ‘স্বচ্ছতা পাকওয়াড়া’। স্বচ্ছতা সম্পর্কিত সচেতনতামূলক প্রকল্পে বিশেষ উদ্যোগী স্কুল ও ছাত্রছাত্রীদের পুরস্কার প্রদান করার কথা বলা হয় ৩০ সেপ্টেম্বর। কিন্তু সেদিন দুর্গাপুজোর অষ্টমী। অবশেষে মঙ্গলবার সংশোধিত বিজ্ঞপ্তি দিয়ে রাজ্য সমগ্র শিক্ষা মিশন জানাল, ১৬ থেকে ২৫ সেপ্টেম্বরের মধ্যেই গোটা প্রক্রিয়া শেষ করতে হবে। ওয়াকিবহাল মহলের মতে, কেন্দ্রীয় নির্দেশিকা হুবহু তুলে দেওয়ার কারণেই এ ধরনের বিপত্তি ।



