সংবাদদাতা, কাকদ্বীপ: পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। ঘটনাটি ঘটেছে, নামখানার ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার জেটিঘাট এলাকায়। মৃত যুবকের নাম বুদ্ধেশ্বর ময়রা (৩৫)। বাড়ি মথুরাপুরের দু’নম্বর ব্লকের খাঁড়ি অঞ্চলে। তিনি সুন্দরবন পুলিস জেলার রায়দিঘি থানার সিভিক ভলান্টিয়ার ছিলেন। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে বুদ্ধেশ্বর বাইক চালিয়ে বকখালি থেকে বাড়িতে ফিরছিলেন। জেটিঘাটের কাছে হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছে ধাক্কা মারেন। তৎক্ষণাৎ স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে দ্বারিকনগর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা যুবককে মৃত বলে ঘোষণা করেন। পুলিস গিয়ে মৃতদেহ উদ্ধার করেছে। শুক্রবার তাঁর মৃতদেহ ময়নাতদন্তের জন্য কাকদ্বীপ মহকুমা হাসপাতালের মর্গে পাঠানো হয়।



