Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

কাওয়াখাড়ির সুস্বাস্থ্য কেন্দ্রে আচমকা হাজির মুখ্যসচিব, কথা বললেন রোগীদের সঙ্গেও

শুধু মেডিক্যাল কলেজ বা জেলা হাসপাতালেই নয়, সুস্বাস্থ্য কেন্দ্রও পরিদর্শন করলেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শিলিগুড়ি সফরসঙ্গী ছিলেন তিনি।

কাওয়াখাড়ির সুস্বাস্থ্য কেন্দ্রে আচমকা হাজির মুখ্যসচিব, কথা বললেন রোগীদের সঙ্গেও
  • ২২ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, শিলিগুড়ি: শুধু মেডিক্যাল কলেজ বা জেলা হাসপাতালেই নয়, সুস্বাস্থ্য কেন্দ্রও পরিদর্শন করলেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ।  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শিলিগুড়ি সফরসঙ্গী ছিলেন তিনি। মঙ্গলবার উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতাল ও শিলিগুড়ি জেলা হাসপাতাল পরিদর্শন করেছিলেন মুখ্যসচিব। বুধবার কলতাতায় ফিরে যাওয়ার আগে মাটিগাড়া-১ গ্রাম পঞ্চায়েতের কাওয়াখাড়ি সুস্বাস্থ্য কেন্দ্র আচমকা পরিদর্শন করেন। 

Advertisement

রাজ্যের মুখ্যসচিবের এই সুস্বাস্থ্য কেন্দ্র পরিদর্শন নিয়ে ওয়াকিবহাল মহলের ধারণা, তৃণমূল স্তরে সাধারণ মানুষ চিকিৎসা পরিষেবা কতটা পাচ্ছে, সুস্বাস্থ্য কেন্দ্রগুলি  কী অবস্থায় রয়েছে, তা চাক্ষুষ করার জন্যই মুখ্যসচিবের এই পরিদর্শন। 
এদিন সকাল ১০টা ৪৫ মিনিটে কাওয়াখাড়ি সুস্বাস্থ্য কেন্দ্রে উপস্থিত হন মুখ্যসচিব। তাঁর সঙ্গে ছিলেন দার্জিলিংয়ের জেলাশাসক প্রীতি গোয়েল। জেলার শীর্ষ স্বাস্থ্যকর্তারা সেই সময় উত্তরকন্যায় মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে ছিলেন। ফলে তাঁরা কেউ এই পরিদর্শনে থাকতে পারেননি। 
সুস্বাস্থ্য কেন্দ্র পরিদর্শনের সময় তিনি চিকিৎসা পরিষেবা নিতে আসা সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। তাঁদের কাছে মুখ্যসচিব জানতে চান, এখানকার পরিষেবা কেমন, কোনও সমস্যা রয়েছে কি না। প্রত্যেকের ইতিবাচক বক্তব্য শুনে তিনি খুশি হন। এই সুস্বাস্থ্য কেন্দ্র পরিচালনা ও গোটা ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করেন মুখ্যসচিব। তিনি ভিজিটর্স বুকে তাঁর সেই সন্তুষ্টির কথা লিখে দেন। তিনি লিখেছেন, এখানে পরিদর্শনে এসে ভালো লাগল। যেভাবে সাধারণ মানুষ এই সুস্বাস্থ্য কেন্দ্র থেকে চিকিৎসা পরিষেবা পাচ্ছে তা যথেষ্ট সন্তোষজনক। এখানকার সাধারণ মানুষের যে সুস্বাস্থ্য কেন্দ্রের প্রতি ভরসা রয়েছে তা ভালোমতো বুঝলাম। সাধারণ মানুষের মধ্যে এই আস্থা তৈরি করার ক্ষেত্রে এখানকার আধিকারিক, আশাকর্মী ও স্বাস্থ্যকর্মীদের ভালো কাজকে কৃতিত্ব দিয়েছেন। 
মাটিগাড়া ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাঃ অরিন্দম দে বলেন, রাজ্যের মুখ্যসচিব আচমকাই এদিন সকালে কাওয়াখাড়ি সুস্বাস্থ্য কেন্দ্র পরিদর্শনে এসেছিলেন। সব ঘুরে দেখেছেন। সকলের সঙ্গে কথাও বলেছেন। ভিজিটর্স বুকে তিনি তাঁর মন্তব্য ও যে অভিজ্ঞতার কথা লিখে গিয়েছেন সেটা আমাদের আগামী দিনে আরও ভালো কাজ করতে উৎসাহিত করবে। 
 নিজস্ব চিত্র।

Advertisement
সম্পর্কিত সংবাদ