মুম্বই: ওবিসি নেতা। মতপার্থক্য হওয়ায় বাল থ্যাকারের ছত্রছায়া থেকে সরতেও ভয় পাননি। শারদ পাওয়ার থেকে অজিত পাওয়ার। সময়ের ফেরে সব শিবিরেই শামিল হয়েছেন। রয়েছে নানা বিতর্ক। কিন্তু সমস্ত ঝড়ঝাপটা সামলে মারাঠা রাজনীতিতে নিজের প্রাসঙ্গিকতা ফের বুঝিয়ে দিলেন ছগন ভুজবল। মঙ্গলবার বিজেপি নেতৃত্বাধীন মহাযুতি সরকারের মন্ত্রী হিসেবে শপথ নিলেন এই এনসিপি (অজিত) নেতা। আর তাঁর এই শপথ যেন বুঝিয়ে দিল রাজনীতিতে টিকে থাকার টোটকা জানলেই বাজিমাত সম্ভব। এই ঘটনায় বিজেপিকে তীব্র কটাক্ষ করেছে বিরোধী মহা বিকাশ আঘাড়ি। প্রদেশ কংগ্রেস সভাপতি হর্ষবর্ধন সাপকালের কটাক্ষ, ভুজবল বিজেপি ওয়াশিং মেশিনে সাফ হলেন। একটা সময় দুর্নীতির অভিযোগে তাঁকে গ্রেপ্তার করেছিল ইডি। এখন সেই ভুজবলকে সমর্থন করছে বিজেপি। বিজেপি ক্ষমতার জন্য সব কিছু করতে পারে। শরদ পাওয়ারের এনসিপি’র মুখপাত্র ক্লাইড ক্রাস্টোও একই সুরে বিঁধেছেন বিজেপিকে। তিনি বলেছেন, এই ঘটনায় বিজেপির দ্বিচারিতা ফের বেআব্রু হয়ে গেল। একটা সময় ভুজবলকে দুর্নীতিগ্রস্ত প্রমাণ করতে উঠেপড়ে লেগেছিল গেরুয়া দল। এখন সেই ব্যক্তিকেই তারা মন্ত্রী করছে।



