Bartaman Logo
২ জুন, ২০২৬

পহেলগাঁও হামলার পর প্রথম কাশ্মীর সফরে মোদি, চেনাব ব্রিজ ও বন্দে ভারত স্লিপারের উদ্বোধন ৬ জুন, মন্ত্রীর টুইটে জল্পনা

৬ জুন কাশ্মীরে বিশ্বের বৃহত্তম রেল সেতু চেনাব ব্রিজের উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরই অংশ হিসেবে একইসঙ্গে উধমপুর-শ্রীনগর-বারামুলা রেলওয়ে লিঙ্ক (ইউএসবিআরএল) এবং জম্মু-শ্রীনগর বন্দে ভারত ‘স্লিপার’ ট্রেনেরও উদ্বোধন করতে পারেন তিনি।

পহেলগাঁও হামলার পর প্রথম কাশ্মীর সফরে মোদি, চেনাব ব্রিজ ও বন্দে ভারত স্লিপারের উদ্বোধন ৬ জুন, মন্ত্রীর টুইটে জল্পনা
  • ৪ জুন, ২০২৫ ০৪:০০

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ৬ জুন কাশ্মীরে বিশ্বের বৃহত্তম রেল সেতু চেনাব ব্রিজের উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরই অংশ হিসেবে একইসঙ্গে উধমপুর-শ্রীনগর-বারামুলা রেলওয়ে লিঙ্ক (ইউএসবিআরএল) এবং জম্মু-শ্রীনগর বন্দে ভারত ‘স্লিপার’ ট্রেনেরও উদ্বোধন করতে পারেন তিনি। মঙ্গলবার উধমপুরের বিজেপি সাংসদ কেন্দ্রীয় মন্ত্রী জীতেন্দ্র সিংয়ের একটি টুইটকে ঘিরে এমনই জল্পনা শুরু হয়েছে। এদিন কেন্দ্রীয় মন্ত্রী জীতেন্দ্র সিং সোশ্যাল মিডিয়া পোস্টে ঘোষণা করেছেন, আর মাত্র তিন দিন বাকি। এরপরেই ইতিহাস তৈরি হতে চলেছে। বিশ্বের বৃহত্তম রেল সেতু চেনাব ব্রিজ, যা উধমপুর-শ্রীনগর-বারামুলা রেলওয়ে লিঙ্কের অংশ, আগামী ৬ জুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার উদ্বোধন করতে চলেছেন। যদিও কেন্দ্রীয় মন্ত্রী জীতেন্দ্র সিংয়ের এহেন টুইট নিয়ে মঙ্গলবার রাত পর্যন্ত রেলমন্ত্রক আনুষ্ঠানিকভাবে কোনও মন্তব্যই করেনি। ফলে পুরো বিষয় নিয়েই ধোঁয়াশা আরও বৃদ্ধি পেয়েছে। প্রশ্ন উঠছে, রেলমন্ত্রকের প্রকল্প হলেও আদতে কি তারাই এই ব্যাপারে অন্ধকারে রয়েছে? তবে আগামী ৬ জুন নরেন্দ্র মোদি উল্লিখিত প্রকল্পের উদ্বোধন করলে পহেলগাঁও হামলার পর এটিই প্রধানমন্ত্রীর প্রথম জম্মু-কাশ্মীর সফর হতে চলেছে। চেনাব ব্রিজ, ইউএসবি রেলওয়ে লিঙ্ক এবং জম্মু-শ্রীনগর বন্দে ভারত ‘স্লিপার’ ট্রেন—দীর্ঘদিন ধরেই এগুলো উদ্বোধনের অপেক্ষায় রয়েছে। 

Advertisement

গত ১৯ এপ্রিল এইসব প্রকল্পের উদ্বোধনের কথা ছিল প্রধানমন্ত্রীর। কিন্তু খারাপ আবহাওয়ার কারণে সেই সূচি বাতিল করা হয়। তার তিনদিনের মধ্যে পহেলগাঁওয়ে জঙ্গি হামলা ঘটে। নিহত হন বহু পর্যটক। ভারত-পাক সংঘাতের আবহে পুরো উদ্বোধনী প্রক্রিয়াই একপ্রকার বিশ বাঁও জলে চলে যায়। কেন্দ্রীয় মন্ত্রী জীতেন্দ্র সিং মঙ্গলবার যে টুইট করেছেন, তাতে এই ব্যাপারে ফের আশার আলো দেখা দিয়েছে। যদিও উধমপুরের বিজেপি সাংসদ তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টে বন্দে ভারত ‘স্লিপার’ ট্রেনের কোনও উল্লেখ করেননি। তবে সূত্রের খবর, কাশ্মীরে প্রধানমন্ত্রীর সূচি চূড়ান্ত হলে প্রথম শয়নযানবিশিষ্ট বন্দে ভারত এক্সপ্রেসও চালু করে দেওয়া হবে। যদিও এখনই এই ট্রেনকে দিল্লি থেকে জম্মু-শ্রীনগর পর্যন্ত চালানো হবে না । যদি উদ্বোধন হয়, তাহলে মাতা শ্রীবৈষ্ণোদেবী কাটরা থেকে শ্রীনগর পর্যন্তই আপাতত বন্দে ভারত ‘স্লিপার’ ট্রেন চলবে।

সম্পর্কিত সংবাদ