নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আজ বুধবার থেকে আগামী সপ্তাহের শুরু পর্যন্ত দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বৃহস্পতি ও শুক্রবার বৃষ্টির সঙ্গে কোনও কোনও স্থানে ঝড় হতে পারে। তবে ঝড়বৃষ্টির সম্ভাব্য তালিকায় কলকাতা ও সংলগ্ন এলাকা নেই। দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুর জেলার কোনও কোনও জায়গায় বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। তবে আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস জানান, এই দফায় দক্ষিণবঙ্গে বড় ধরনের ঝড়বৃষ্টির সম্ভাবনা কম, বিক্ষিপ্তভাবে কিছু হবে। উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী সপ্তাহের শুরুতে বৃষ্টি হবে বলে জানানো হয়েছে পূর্বাভাসে।



