নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: সংসদের বাজেট অধিবেশনের প্রথম পর্ব শেষ হওয়ার অপেক্ষা। তারপরেই দিল্লিতে একের পর এক জরুরি তলবে ডেকে আনা হবে রাজ্য বিজেপির শীর্ষ নেতাদের। রাজনৈতিক সূত্রের দাবি, বঙ্গ বিজেপির কোর কমিটির প্রায় প্রত্যেকের সঙ্গে আলাদাভাবে বৈঠক করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। তবে প্রয়োজনে গ্রুপ করেও কোর কমিটির সদস্যদের নিয়ে বৈঠক করতে পারেন বিজেপির শীর্ষ কেন্দ্রীয় নেতামন্ত্রীরা। পরবর্তী ক্ষেত্রে রাজ্য বিজেপির দায়িত্বপ্রাপ্ত নেতাদের সঙ্গেও আলোচনা সারবে দলের কেন্দ্রীয় নেতৃত্ব। অন্তত এমনই জানানো হয়েছে বিজেপি সূত্রে।
বঙ্গ বিজেপিতে মান-অভিমান, ক্ষোভ-অসন্তোষের মধ্যে নতুন কোনও চমক নেই। বিশেষ করে যেকোনও নির্বাচনের আগেই প্রার্থী তালিকা প্রকাশকে কেন্দ্র করে যেভাবে বঙ্গ বিজেপিতে গোষ্ঠীকোন্দল শুরু হয়, তাও দায়িত্বপ্রাপ্ত নেতাদের একপ্রকার গা সওয়াই হয়ে গিয়েছে। রাজ্য বিজেপির অন্দরমহলের ব্যাখ্যা, এবার পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। কারণ বাংলায় এবছর রীতিমতো প্রেস্টিজ ফাইটে নামতে হচ্ছে বিজেপিকে। আর তাই খেলতে নামার আগে ময়দানের পিচ ভালোভাবে বুঝে নিতে মরিয়া হয়েছে অমিত শাহ, নীতিন নবীনরা।
মনে করা হচ্ছে, কোর কমিটির সদস্যদের সঙ্গে আলাদা বৈঠক করে আদতে প্রত্যেকের মন বুঝতে তৎপর শীর্ষ কেন্দ্রীয় নেতারা। পরবর্তী ক্ষেত্রে সকলকে নিয়ে একসঙ্গে বৈঠক করে সেই ব্যাপারেই চূড়ান্ত সমাধানের দিশা পেতে চাইছে বিজেপির কেন্দ্রীয় পার্টি। সম্প্রতি বঙ্গ সফরে গিয়েছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। বর্তমানে দু’দিনের সফরে রাজ্যেই আছেন অমিত শাহও। সেখানে সাংগঠনিক বৈঠকে গুরুত্বপূর্ণ আলোচনাও হয়েছে। বিশেষত সম্ভাব্য প্রার্থী তালিকা নিয়ে অবিলম্বে প্রস্তুতি শুরু করার জন্য রাজ্য বিজেপি নেতৃত্বকে স্পষ্ট নির্দেশ দিয়েছেন নীতিন নবীন। বিজেপি সূত্রে দাবি করা হয়েছে, বহু ক্ষেত্রেই প্রার্থী হিসেবে দলের একেবারে নীচুতলার সক্রিয় নেতা-কর্মীকেই প্রাধান্য দেওয়া হবে।