বিশেষ সংবাদদাতা, শ্রীনগর, নয়াদিল্লি: মঙ্গলবার ভোটের লাইনে দাঁড়ালেন দেশের সাত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের আটটি বিধানসভার ভোটাররাও। নির্বাচন কমিশন জানিয়েছে, নির্বিঘ্নেই সম্পন্ন হয়েছে ভোটগ্রহণ। কেন্দ্রশাসিত জম্মু ও কাশ্মীরের বদ্গাঁও ও নাগরোটায় উপনির্বাচন ঘিরে ছিল উৎসবের মেজাজ। বদগাঁওয়ে কনকনে শীত উপেক্ষা করে ভোট কেন্দ্রে পৌঁছন সাধারণ মানুষ। শেষ খবর পাওয়া পর্যন্ত এই আসনে ৫০.০১ শতাংশ ভোট পড়েছে। অন্যদিকে, জম্মুর নাগরোটা আসনে ৭৪.৮২ শতাংশ ভোট পড়েছে। এলাকার সামগ্রিক উন্নয়নের কথাই উঠে এসেছে দুই কেন্দ্রের ভোটারদের গলায়। হায়দরাবাদের জুবিলি হিলসের উপনির্বাচন কার্যত অ্যাসিড টেস্ট তেলেঙ্গানার রেবন্ত রেড্ডি সরকারের। মুসলিম বহুল এই আসনে ভোটের কয়েকদিন আগেই মহম্মদ আজহারউদ্দিনকে মন্ত্রিসভার সদস্য করা হয়েছিল। এর প্রভাব আদৌ ভোটবাক্সে পড়ল কিনা তা জানতে আগ্রহী রাজনৈতিক মহল। এই আসনে ভোটদানের হার ৪৮.৪৩ শতাংশ।



