নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাজেট প্রস্তাবের উপর বক্তব্য রাখতে হবে বাংলাতেই। অন্য কোনও ভাষায় বক্তৃতা দেওয়া যাবে না। কলকাতা পুরসভার বাজেট অধিবেশনে বাংলায় বক্তব্য রাখার জন্য তৃণমূল কাউন্সিলারদের হুইপ জারি করেছেন দলের মুখ্য সচেতক বাপ্পাদিত্য দাশগুপ্ত। বলা হয়েছে, ‘দেশজুড়ে বাংলার সংস্কৃতি, বাংলা ভাষা এবং সর্বোপরি বাঙালি আক্রান্ত, তার প্রতিবাদেই পুরসভার বাজেট অধিবেশনে বাংলা ভাষায় জোর দিতে চাইছি আমরা।’
সম্প্রতি, ওই বার্তায় বলা হয়েছে, ‘আক্রান্ত আমাদের ভাষা। ছাড় পাচ্ছেন না বাংলার মনীষীরাও। যে বাংলার মননে রবীন্দ্রনাথ ঠাকুরের জনগণমন, যে বাংলার দৃপ্ত কণ্ঠে বঙ্কিমচন্দ্রের বন্দেমাতরম, সেই বাংলা ভাষায় কথা বলার জন্য বিজেপি শাসিত রাজ্যগুলিতে হেনস্তা করা হচ্ছে বাঙালিদের। এর প্রতিবাদে গর্জে উঠেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাই, দলের সব কাউন্সিলারের কাছে আবেদন— বাংলা ও বাঙালির অস্তিত্ব রক্ষার লড়াইয়ে শামিল হয়ে বাজেট অধিবেশনে বাংলায় বক্তৃতা দিন। এটাই আমাদের প্রতিবাদ....।’
এ প্রসঙ্গে পুরসভার চেয়ারপার্সন মালা রায় বলেন, ‘আমরা বাংলা নিয়ে লড়াই করছি, তাই বাংলা ভাষা আমাদের অগ্রাধিকার। দেশজুড়ে বিভিন্ন জায়গায় বাংলা ও বাঙালি আক্রান্ত। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সংসদে আমরা প্রতিবাদ জানিয়েছি। এর আগেও বলা হয়েছে, পুর অধিবেশনে বাংলায় বক্তব্য রাখতে হবে। এবার পুর-বাজেটেও সবাইকে বাংলায় বক্তৃতা দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।’