সংবাদদাতা, ফালাকাটা: বালি ভর্তি ট্রাকের চাপে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল সেতু। বৃহস্পতিবার বেলা ১টা নাগাদ ঘটনাটি ঘটে ফালাকাটা ব্লকের শালকুমার গ্রাম পঞ্চায়তের বাদাইটারিতে উড্ডা নদীর সেতুতে। স্থানীয়রা জানিয়েছেন, চালক গাড়ি নিয়ে পালিয়ে গিয়েছে।
সংবাদদাতা, ফালাকাটা: বালি ভর্তি ট্রাকের চাপে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল সেতু। বৃহস্পতিবার বেলা ১টা নাগাদ ঘটনাটি ঘটে ফালাকাটা ব্লকের শালকুমার গ্রাম পঞ্চায়তের বাদাইটারিতে উড্ডা নদীর সেতুতে। স্থানীয়রা জানিয়েছেন, চালক গাড়ি নিয়ে পালিয়ে গিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় ৩০ বছর আগে উড্ডা নদীর উপর সেতুটি তৈরি করা হয়েছিল। এই সেতুর উপর দিয়েই প্রতিদিন কয়েক হাজার লোক পারপার করে। এই সেতু উপরই নির্ভরশীল শালকুমার ও ময়রাডাঙা গ্রাম পঞ্চায়েতের বাসিন্দারা। গ্রামবাসীদের অভিযোগ, নিয়মিত রক্ষণাবেক্ষণের অভাবেই সেতুটি জীর্ণ হয়ে পড়েছিল। দুর্বল হয়ে থাকায় এদিন ভারী গাড়ি যেতেই ভেঙে পড়ল।
স্থানীয়রা বলেন, সেতুর লোহার পিলারগুলি মরচে ধরে ক্ষয়ে গিয়েছে। এনিয়ে বহুবার প্রশাসন ও জনপ্রতিনিধিদের জানানো হলেও তাঁরা কোনও পদক্ষেপ করেননি। স্থানীয় বাসিন্দা সঞ্জীব বাড়ুই বলেন, সেতুর পাশেই বাড়ি আমাদের। ঘরেই ছিলাম, হঠাৎ বিকট শব্দ পেয়ে বাইরে এসে দেখি সেতুটি মাঝ বরাবর ভেঙে গিয়েছে। আমরা বহুবার সেতু সংস্কারের দাবি বিভিন্ন মহলে জানিয়েছি। কিন্তু কেউ কর্ণপাত করেনি। সেতুর উপর দিয়ে যানবাহন চললে কেঁপে ওঠে। ভারী যানবাহন চলাচল বন্ধ করতে সতর্কতামূলক কোনও বোর্ড প্রশাসনের পক্ষ থেকে লাগানো হয়নি। এখন আমাদের দুর্ভোগ পোহাতে হবে।
সেতুর আশেপাশেই বাড়ি বির্ষেন্দু বর্মন, অমল দাস, শ্যামল দাসের। তাঁরা বলেন, এই সেতুর উপর দিয়ে বাদাইটারি, শিবনাথপুর, ভৈরবহাট, ছোট শালকুমার, আট মাইল, কুঞ্জনগর গ্রামের বাসিন্দারা চলাচল করেন। একাধিকবার আমরা স্থানীয় জনপ্রতিনিধি সহ পঞ্চায়েত অফিসে সেতুটির বিষয়ে জানিয়েছি, কিন্তু কেউ গুরুত্ব দেয়নি। দুর্বল সেতুর বোর্ড লাগানো হলে হয়তো আজ এই দিনটি দেখতে হতো না। এখন যা অবস্থা হল তাতে হেঁটেও চলাচল করা ঝুঁকিপূর্ণ। বর্ষায় আমাদের দুর্ভোগ এবার বাড়বে। গ্রাম পঞ্চায়েত অফিস, হাসপাতাল, স্কুল, বাজারঘাট যেতে সমস্যা হবে। স্থানীয় কৃষকরা তাঁদের খেতের উৎপাদিত ফসল পণ্যবাহী গাড়িতে হাটে-বাজারে নিয়ে যেতে সমস্যায় পড়বেন।
এ বিষয়ে আলিপুরদুয়ার জেলা পরিষদের সদস্য মানিক রায় বলেন, সেতু ভেঙে পড়ার খবর পেয়েছি। জেলা প্রশাসনিক ভবন ডুয়ার্সকন্যায় কাজ থাকায় এদিন আর ঘটনাস্থলে যেতে পারিনি। শুক্রবার সেতু পরিদর্শনে যাব। এলাকার মানুষের সমস্যার কথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কাছে তুলে ধরব।
ফালাকাটার বিডিও অনীক রায় বলেন, বিষটি জেলায় জানানো হয়েছে। এলাকার বাসিন্দাদের কথা ভেবে সেখানে যাতে দ্রুত নতুন করে সেতু বানানো যায় সেই উদ্যোগ নেওয়া হবে। ভেঙে পড়েছে সেতু। - নিজস্ব চিত্র।