Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

ব্রাজিলের কোচ আনসেলোত্তি

এল ক্লাসিকো হারের ২৪ ঘণ্টার মধ্যেই কার্লো আনসেলোত্তির বিদায়ঘণ্টা বাজল

ব্রাজিলের কোচ আনসেলোত্তি
  • ১৩ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

মাদ্রিদ: এল ক্লাসিকো হারের ২৪ ঘণ্টার মধ্যেই কার্লো আনসেলোত্তির বিদায়ঘণ্টা বাজল। চলতি মরশুম শেষ হওয়ার আগেই পরবর্তী কোচ চূড়ান্ত করে ফেলেছে রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার রিপোর্ট অনুসারে তিন বছরের চুক্তিতে দলের দায়িত্ব নিতে চলেছেন জাবি আলোন্সো। জুনে ক্লাব বিশ্বকাপের মধ্যে দিয়ে কাজ শুরু করবেন প্রাক্তন এই স্প্যানিশ মিডিও। আর রিয়াল সঙ্গে চার বছরের সম্পর্ক ছিন্ন করে ব্রাজিলের জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব নেবেন আনসেলোত্তি। সূত্রের খবর, ২৫ মে লা লিগার শেষ ম্যাচে আনুষ্ঠানিকভাবে আলোন্সোর হাতে দলের দায়িত্ব তুলে দেওয়া হবে। পরের দিন ব্রাজিলের চিফ কোচের পদে দেখা যাবে আনসেলোত্তিকে। সোমবার অনুষ্ঠানিকভাবে একথা ঘোষণা করে সিবিএফ। ২০২৬ বিশ্বকাপের কথা মাথায় রেখে সময় নষ্ট করতে চান না আনসেলোত্তি। ৬ জুন ইকুয়েডরের বিরুদ্ধে বিশ্বকাপের বাছাই পর্বে মাঠে নামবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। সেই ম্যাচেই ব্রাজিলের হেড কোচের পদে অভিষেক ঘটবে ইতালিয়ান কোচের।

Advertisement

২০১৭ সালে পেশাদার ফুটবলকে বিদায় জানান জাবি আলোন্সো। এরপর ২০১৯’এ রিয়াল সোসিদাদ ‘বি’ দলের দায়িত্ব নেন তিনি। তিন বছর সেখানে কাজ করার পর ২০২২ সালে বেয়ার লেভারকুসেনের হেড কোচের পদে নিযুক্ত হন এই প্রাক্তন মিডিও। তাঁর হাত ধরে প্রথমবার বুন্দেশলিগা জয়ের স্বাদ পায় জার্মান ক্লাবটি। মাত্র দু’বছরেই দলকে এমন সাফল্য এনে দেওয়া আলোন্সোর সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি করতে চেয়েছিল লেভারকুসেন। তবে রিয়ালের প্রস্তাব পেতেই দল ছাড়ার সিদ্ধান্ত নেন আলোন্সো। তাঁর সঙ্গে ২০২৬ পর্যন্ত জার্মান ক্লাবটির চুক্তি থাকলেও, গত সপ্তাহেই আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর কথা জানান তিনি। আর তারপরই রিয়ালে আলোন্সোর দায়িত্ব নেওয়ার বিষয়টি আরও জোরালো হয়। এদিকে, দীর্ঘ সময় ধরে আনসেলোত্তিকে কোচ করতে চেয়েছিল ব্রাজিল। তবে রিয়ালের সঙ্গে চুক্তি থাকায় তা সম্ভব হয়নি। এবার মাদ্রিদ ছাড়তেই আর কোনও বাধা রইল না।

সম্পর্কিত সংবাদ