Bartaman Logo
১৩ জুন, ২০২৬

হিমাচলে হড়পায় ভেসে যাওয়া আরও ১ শ্রমিকের দেহ উদ্ধার, জম্মুতে মৃত ৩

ভারী বৃষ্টি, ধস ও হড়পা বানে বিপর্যস্ত হিমাচল প্রদেশ। আচমকা হড়পা বানে ধরমশালায় জলবিদ্যুৎ প্রকল্পের কাজ করতে গিয়ে ভেসে যান শ্রমিকরা।

হিমাচলে হড়পায় ভেসে যাওয়া আরও ১ শ্রমিকের দেহ উদ্ধার, জম্মুতে মৃত ৩
  • ২৭ জুন, ২০২৫ ১৬:০৬
Prefer us on Google

সিমলা: ভারী বৃষ্টি, ধস ও হড়পা বানে বিপর্যস্ত হিমাচল প্রদেশ। আচমকা হড়পা বানে ধরমশালায় জলবিদ্যুৎ প্রকল্পের কাজ করতে গিয়ে ভেসে যান শ্রমিকরা। বৃহস্পতিবার তাঁদের মধ্যে আরও একজনের দেহ উদ্ধার হয়েছে। এনিয়ে মোট তিনজনের দেহ উদ্ধার করল প্রশাসন। আটজন শ্রমিক এখনও নিখোঁজ। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, কাংড়া জেলার মানুনি খাদে মেঘভাঙা বৃষ্টির কারণে হঠাৎ করে জলস্তর বৃদ্ধি পায়। তখনই ঘটে যায় অঘটন। এনডিআরএফ ও এসডিআরএফ যৌথ উদ্যোগে নিখোঁজদের হদিশ পেতে শুরু হয় তল্লাশি। এদিকে, জম্মু ও কাশ্মীরে হড়পা বানে ভেসে গিয়ে মৃত্যু হয়েছে তিনজনের। তারা সবাই নাবালক। আরও চারজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। কয়েকদিন ধরে টানা বৃষ্টি হচ্ছে রাজৌরি, ডোডা, পুঞ্চ, কাঠুয়া সহ বিভিন্ন জেলায়। রাজৌরির শিয়ালসুই গ্রামের বাসিন্দা শাফাদত আলি (১৪) এবং তার বোন সাফিনা (১১) আচমকাই হড়পা বানে ভেসে যায়। পরে তাদের দেহ উদ্ধার হয়। অপর একজনের খোঁজ মেলেনি। ধসের জেরে বৈষ্ণোদেবী যাত্রার নতুন পথ আপাতত স্থগিত রাখা হয়েছে। প্রশাসন সূত্রে খবর, হিমকোটি রুটের সত্য ভিউ পয়েন্টের কাছে ধস নামার কারণে এই যাত্রাপথ আপাতত বাতিল করা হয়েছে। বৈষ্ণোদেবী দর্শনের জন্য পুরনো পথে অবশ্য যাতায়াত চলছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ