নয়াদিল্লি: ভারত-পাকিস্তান সংঘর্ষ বিরতির সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে আইপিএল দ্রুত শুরু করার চিন্তভাবনা নেয় বিসিসিআই। যদিও কয়েক ঘণ্টার মধ্যেই ফের দুই দেশের সম্পর্কে অবনতি ঘটায় রীতিমতো ধন্দে ভারতীয় বোর্ড। এমন অবস্থায় পা মেপে এগনোই একমাত্র উপায়। অবশ্য তারই ফাঁকে প্রস্তুতি চলছে ফের টুর্নামেন্ট চালুর। রবিবার এই ব্যাপারে আলোচনায় বসবে বিসিসিআই, এমনটাই জানিয়েছেন ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্লা। উল্লেখ্য, শুক্রবার এক সপ্তাহের জন্য প্রতিযোগিতা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় বিসিসিআই। বাকি ম্যাচগুলি আয়োজনের ব্লুপ্রিন্ট তৈরি করে রাখতে চাইছে বোর্ড। সেক্ষেত্রে নতুন ক্রীড়াসূচির পাশাপাশি ভেন্যু নির্ধারণ নিয়েও আলোচনা হবে। পূর্ব ও দক্ষিণ ভারতের ভেন্যুগুলিতে বাকি ম্যাচগুলো আয়োজনের কথা ভাবা হচ্ছে। বৈঠকে সব পক্ষের সঙ্গে কথা বলেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
বিদেশি ক্রিকেটারদের পাওয়ার ব্যাপারেও থাকছে সংশয়। শনিবারের মধ্যে অধিকাংশ বিদেশি ক্রিকেটার ও সাপোর্ট স্টাফের নিজেদের দেশে ফিরে যাওয়ার কথা। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু যেমন সোশ্যাল মিডিয়ায় লিখেছে, ‘আমাদের ক্রিকেটার ও স্টাফরা সবাই নিরাপদে বেঙ্গালুরু ফিরে এসেছে। এখন সবাই যে যার শহর ও দেশের পথে।’ আরসিবি’র বিদেশি ক্রিকেটারদের মধ্যে রয়েছেন জস হ্যাজলউড, লিয়াম লিভিংস্টোন, লুঙ্গি এনগিডি, ফিল সল্ট, টিম ডেভিড, রোমারিও শেফার্ডরা। লখনউ সুপার জায়ান্টস, মুম্বই ইন্ডিয়ান্সের তরফেও একইভাবে বিদেশি ক্রিকেটারদের দেশে ফেরার কথা জানানো হয়েছে। সেজন্যই প্রশ্ন উঠছে। আইপিএল যদি ফের শুরু হয়, তখন বিদেশি ক্রিকেটাররা ভারতে ফিরবেন তো? বিদেশিদের ছাড়া খেলা হলে কোটিপতি লিগের আকর্ষণ বা জৌলুস কমবে অনেকাংশে। আবার আইপিএল পিছিয়ে যাওয়া মানেও বিশাল আর্থিক ক্ষতি। একটা ম্যাচ না হওয়া মানে প্রায় ১২৫ কোটি টাকা লোকসান। অর্থাৎ, বাকি থাকা ১৬টি ম্যাচের হিসেবে ধাক্কার পরিমাণ প্রায় ২০০০ কোটি টাকা। সেজন্যই ফের আইপিএল চালুর ব্লুপ্রিন্ট নিয়ে আলোচনায় বসেছেন কর্তারা।
আগামী ২৫ মে কলকাতায় ফাইনাল হওয়ার কথা। কিন্তু প্রতিযোগিতা তারও বেশি সময় ধরে চললে তখন কোন বিদেশিদের পাওয়া যাবে তা বলা মুশকিল। ১১ জুন লর্ডসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল শুরু। ফলে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের পাওয়ার সম্ভাবনা কমবে। আর মে মাসে যদি আইপিএল শুরু করা না যায়, তাহলে তা চালু করতে আগস্ট বা সেপ্টেম্বর লেগে যাবে। কারণ, ২০ জুন থেকে ইংল্যান্ডে পাঁচ টেস্টের সিরিজ খেলবেন শুভমান গিল, রবীন্দ্র জাদেজারা। তাই বোর্ডের এখন শিরে সংক্রান্তি অবস্থা।