নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাংলাকে অশান্ত করার ছক কষেছে বিরোধীরা। বিজেপি, সিপিএমের বিরুদ্ধে এই অভিযোগ তুলেছে তৃণমূল। সম্প্রতি মুর্শিদাবাদের ঘটনার পিছনেও বিজেপির ‘নীল নকশা’র তথ্য সামনে এনেছে রাজ্যের শাসক দল। এই প্রেক্ষাপটেই এবার বিরোধীদের আক্রমণ শানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার সামাজিক মাধ্যমে অভিষেক লিখেছেন, ‘নৈতিকভাবে দেউলিয়া হয়ে পড়েছে বিরোধীরা। কিন্তু কথার চেয়ে কাজ বড়।’
উল্লেখ্য, অভিষেক ২ জানুয়ারি থেকে ৭৫ দিন ব্যাপী ‘সেবাশ্রয়’ কর্মসূচি পালন করেছেন ডায়মন্ডহারবারে। সেখানে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেওয়া হয়েছে। তবে এই কর্মসূচি নিয়ে বিরোধীরা নানা তির্যক মন্তব্য করে। যদিও সেসবে কান না দিয়ে মানুষের সেবাকেই সংকল্প করেন অভিষেক। নির্দিষ্ট দিনের কর্মসূচি শেষ হলেও এখনও তার প্রভাব চলছে। বিনামূল্যে চোখের ছানি অপারেশন করা হয়েছে ন’জনের। অভিষেক জানান, ডায়মন্ডহারবারের সকল মানুষকে সঙ্গে নিয়েই চলতে বিশ্বাস করি। মানুষের সেবার সংকল্প থেকে আমাকে টলানো যাবে না। এদিকে, বাংলায় আসা জাতীয় মহিলা কমিশনের কর্মকাণ্ডের দিকেও প্রশ্ন তুলেছে তৃণমূল। বলা হয়েছে, জাতীয় মহিলা কমিশন আসলে ‘বিজেপির রাবার স্ট্যাম্প’! বিজেপির রাজনৈতিক কার্যসিদ্ধির উদ্দেশ্যে মাঠে নেমেছে তারা। মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, সাংসদ দোলা সেন, সুস্মিতা দেব, মৌসম বেনজির নুর একযোগে বলেন, তাদের তরফে সাদা কাগজে সাধারণ মানুষের সই করিয়ে নতুন পরিকল্পনা নেওয়া হয়েছে।