Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বিজেপির পঞ্চায়েত সদস্যা তৃণমূলে

উপস্থিত ছিলেন রানাঘাট দক্ষিণ সাংগঠনিক জেলার বিদায়ী সাধারণ সম্পাদক তথা পুরসভার চেয়ারম্যান বিমানকৃষ্ণ সাহা।

বিজেপির পঞ্চায়েত সদস্যা তৃণমূলে
  • ১৮ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, নবদ্বীপ: নবদ্বীপ বিধানসভা এলাকায় ফের বিজেপিতে ভাঙন। শনিবার সকালে বিজেপি পরিচালিত জোয়ানিয়া পঞ্চায়েতের বিজেপির সদস্যা সন্ধ্যা সর্দার তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। এদিন বড়ালঘাটে দলীয় কার্যালয়ে তাঁর হাতে দলের পতাকা তুলে দেন বিধায়ক পুণ্ডরীকাক্ষ সাহা। উপস্থিত ছিলেন রানাঘাট দক্ষিণ সাংগঠনিক জেলার বিদায়ী সাধারণ সম্পাদক তথা পুরসভার চেয়ারম্যান বিমানকৃষ্ণ সাহা।

Advertisement

এদিন বিমানকৃষ্ণবাবু বলেন, বাংলার মুখ্যমন্ত্রী তথা জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের প্রতি তাঁর দায়িত্ব ও কর্তব্য পালন করে চলেছেন। তাই উন্নয়নের শরিক হতে বিভিন্নস্তরের মানুষ তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছে। বিজেপি পরিচালিত ওই পঞ্চায়েতে কোনও উন্নয়নই করতে পারেনি। সেই জন্য মানুষ ওদের উপর ক্ষুণ্ণ হয়ে গিয়েছে। এই পঞ্চায়েতের আরও অনেক সদস্য আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে শরিক হবেন। এই পঞ্চায়েতে তৃণমূলের বোর্ড গঠন করা শুধু সময়ের অপেক্ষা।
উল্লেখ্য, ২১টি আসন বিশিষ্ট জোয়ানিয়া পঞ্চায়েতে বিজেপি ১১টি, তৃণমূল আটটি এবং সিপিএম দু’টি আসনে জয়ী হয়েছিল। এদিন বিজেপির পঞ্চায়েত সদস্যা যোগ দেওয়ায় তৃণমূলের আসন সংখ্যা বেড়ে  হল নয়।
পঞ্চায়েত সদস্যা সন্ধ্যাদেবী বলেন, বহুদিন ধরে বিজেপির সঙ্গে যুক্ত ছিলাম। কিন্তু, এলাকায় কোনও উন্নয়ন হয়নি। ওই দলে থেকে মানুষের জন্য কাজ করতে পারিনি। তাই কাজ করার মানসিকতা নিয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম।
বিজেপির নদীয়া দক্ষিণ সাংগঠনিক জেলার সভানেত্রী অপর্ণা নন্দী বলেন, আগামী বিধানসভা নির্বাচনে বাংলার মানুষ তৃণমূলকে প্রত্যাখ্যান করবে। এ রাজ্যে বিজেপি সরকার গড়বে। সেই আতঙ্কেই ওরা পঞ্চায়েত সদস্যদের প্রলোভন দেখিয়ে তৃণমূলে যুক্ত করার চক্রান্ত করছে। এতে কোনও লাভ হবে না।

Advertisement
সম্পর্কিত সংবাদ