Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

প্রচারে ভোগ বিতরণ বিজেপি প্রার্থীর, কটাক্ষ তৃণমূলের

শুক্রবার রামনবমী উপলক্ষ্যে মেতে ওঠেন যাদবপুরের বিজেপি প্রার্থী শর্বরী মুখোপাধ্যায়। বাঘাযতীন এলাকায় রামনবমী উদযাপন অনুষ্ঠানে অংশ নেন। বিলি করেন ভোগ।

প্রচারে ভোগ বিতরণ বিজেপি প্রার্থীর, কটাক্ষ তৃণমূলের
  • ২৮ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শুক্রবার রামনবমী উপলক্ষ্যে মেতে ওঠেন যাদবপুরের বিজেপি প্রার্থী শর্বরী মুখোপাধ্যায়। বাঘাযতীন এলাকায় রামনবমী উদযাপন অনুষ্ঠানে অংশ নেন। বিলি করেন ভোগ। ভোগ বিতরণ নিয়ে বিজেপিকে প্রার্থীকে কটাক্ষ করেছে বিরোধী তৃণমূল। অন্যদিকে বাম প্রার্থীরা লাগাতার প্রচার চালাচ্ছেন। বাড়ি বাড়ি গিয়ে তুলছেন ঝড়। এছাড়া শহরজুড়ে প্রচারে দাপিয়ে বেড়াচ্ছেন তৃণমূল প্রার্থীরা। মূল্যবৃদ্ধি, ধর্মীয় বিভাজন ইত্যাদি বিভিন্ন ইস্যুতে সুর চড়াচ্ছেন রোজই।

Advertisement

এদিন রামনবমী উদযাপনে গিয়ে শর্বরীদেবী ভোগ বিতরণ করেন। বলেন, ‘এখানে প্রচার নয়। পুজোতে এসেছি। মানুষের কাছে যাচ্ছি। তাঁরা জল জমা সহ বিভিন্ন ইস্যুতে নিজেদের ক্ষোভ উগরে দিচ্ছেন।’ ভোটের প্রচারে ভোগের আনাগোনাকে কটাক্ষ করেছে তৃণমূল। তৃণমূলের মুখপাত্র অরূপ চক্রবর্তী বলেছেন, ‘ভোগ না হলে তো লোক হবে না। ওঁদের প্রচারে লোকজনই নেই। শুধুই কেন্দ্রীয় নিরাপত্তা রক্ষী। আর হাতেগোনা কয়েকজন হাজির থাকছেন। ওঁরা ধর্মকে রাজনীতির ময়দানে নামিয়ে নিয়ে এসেছে। যা বাংলার মানুষ মেনে নেবেন না। আমাদের বাঙালির সংস্কৃতি তো অন্নপূর্ণা পুজো।’ এর পাশাপাশি সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, ‘বাংলার সংস্কৃতিতে হনুমান জয়ন্তী বা রামনবমী তেমনভাবে ছিল না। বিজেপি ও তৃণমূল রাজনৈতিকভাবে এতটাই দেউলিয়া হয়ে গিয়েছে যে, এরকম কোনোকিছু নিয়ে পারস্পরিক প্রতিযোগিতা করে দেখাতে চায় যে, তারা আছে।’ 
এদিন সকালে শ্যামপুকুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ২১ নম্বর ওয়ার্ডের জোড়াবাগান অঞ্চলে বাড়ি বাড়ি ঘুরে জনসংযোগ করেন তৃণমূল কংগ্রেস প্রার্থী শশী পাঁজা। আদি ভূতনাথ মন্দির সংলগ্ন আনন্দময়ী মন্দির চত্বর থেকে প্রচার শুরু করেন তিনি। এর পাশাপাশি মানিকতলা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শ্রেয়া পান্ডে এদিন কাঁকুড়গাছিতে প্রচার করেন। কলকাতা বন্দর কেন্দ্রের তৃণমূল প্রার্থী ফিরহাদ হাকিম ভবানীপুর কেন্দ্রের চেতলা এলাকায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে প্রচার করেছেন।
অন্যদিকে বালিগঞ্জের সিপিএম প্রার্থী আফরিন বেগন এদিন সকালে ফার্ন রোডে একটি চা চক্রে যোগ দেন। সন্ধ্যায় পার্ক সার্কাস সেভেন পয়েন্ট সংলগ্ন জাননগর রোডে জনসংযোগ কর্মসূচি করেন। বস্তি অঞ্চলে সাধারণ মানুষের কাছে ভোট চাইতে গিয়ে আফরিন জানান, নারী নিরাপত্তার জন্য এবং মহিলাদের কাজের দাবিতে তিনি লড়াই করবেন। টালিগঞ্জের সিপিএম প্রার্থী পার্থপ্রতিম বিশ্বাস রামগড় এলাকায় এদিন সকাল-বিকেল বাড়ি বাড়ি গিয়ে প্রচার করেন। রাসবিহারী বিধানসভা কেন্দ্রের বামফ্রন্ট সমর্থিত সিপিআই (এমএল) লিবারেশন প্রার্থী অধ্যাপক মানস ঘোষ টালিগঞ্জ রোডে প্রচার চালান। কসবা বিধানসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী দীপু দাস ৯২ নম্বর ওয়ার্ডের নস্করপাড়া এলাকায় বাড়ি বাড়ি ঘুরে জনসংযোগ সারেন। তাঁর সঙ্গে ছিলেন ওই এলাকার পুর প্রতিনিধি মধুছন্দা দেব।

Advertisement
সম্পর্কিত সংবাদ