নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পুজোর ঢাকে কাঠি পড়ে গিয়েছে। বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে বিশ্ববাংলা শারদ সম্মান ২০২৫-এর আবেদন গ্রহণ। জানা গিয়েছে, সহজেই অনলাইনে আবেদন করতে পারবে পুজো কমিটিগুলি। শারদ সম্মানের জন্য তৈরি বিশেষ পোর্টালের এদিন উদ্বোধন করেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের প্রতিমন্ত্রী ইন্দ্রনীল সেন। উপস্থিত ছিলেন দপ্তরের সচিব শান্তনু বসু সহ পদস্থ আধিকারিকরা।
প্রতিবছর শারদ সম্মানের আয়োজন করে রাজ্য সরকার। এবছর আবেদন গ্রহণ চলবে ২০ সেপ্টেম্বর পর্যন্ত। রাজ্য সরকারের চারটি ওয়েবসাইটে (www.egiyebangla.gov.in,www.wb.gov.in,www.icad.wb.gov.in এবং www.bbss.wb.gov.in) ঢুকে এই আবেদন করা যাবে। এছাড়াও যাঁরা সশরীরে গিয়ে জমা দিতে চান, কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার জন্য যেতে হবে কলকাতা তথ্যকেন্দ্রে। জেলার ক্ষেত্রে আবেদন জমা দেওয়া যাবে তথ্য ও সংস্কৃতি দপ্তরে। সেরা প্রতিমা, সেরা মণ্ডপ সব একাধিক বিভাগে দুর্গাপুজো কমিটিগুলিকে পুরস্কৃত করে রাজ্য। গত বছর কলকাতা আশপাশ থেকে আবেদনের সংখ্যা ছিল এক হাজারেরও বেশি। যার মধ্যে অনলাইনে জমা পড়েছিল দেড়শো আবেদন। জেলায় সবমিলিয়ে তিন হাজারেরও বেশি পুজো শারদ সম্মানে অংশগ্রহণ করেছিল। যেহেতু বিদেশে তিথি অনুযায়ী পুজো হয় না, সে কারণে আবেদন জমার শেষ তারিখ পর্যন্ত আটটি পুজো কমিটি রাজ্যের শারদ সম্মানে অংশগ্রহণ করেছিল। এবছর আবেদনের সংখ্যা আরও বাড়বে বলে জানান মন্ত্রী ইন্দ্রনীল সেন। পঞ্চমী বা ষষ্ঠীর দিন পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা করবে রাজ্য। এবছর কলকাতার দুর্গাপুজোর বিসর্জনের বিশেষ শোভাযাত্রা (রেড রোড কার্নিভাল) হবে পাঁচ অক্টোবর। জেলায় জেলায় এই অনুষ্ঠান হবে চার অক্টোবর। গতবছর ৩২টি জায়গায় বিসর্জনের কার্নিভাল হয়েছিল। এবছর এর থেকেও বেশি জায়গায় হওয়ার সম্ভাবনা আছে বলে মনে করছে রাজ্য। -নিজস্ব চিত্র