Bartaman Logo
২৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

উত্তরপাড়ায় বাইক গ্যাংয়ের দাপট, গৃহবধূর হার ছিনতাই

রাতের উত্তরপাড়ার ছিনতাইয়ের ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়াল। নাগরিক মহলে অসন্তোষ তীব্র হয়ে উঠেছে। স্থানীয়দের তৎপরতায় এক ছিনতাইকারীকে ধরা সম্ভব হয়।

উত্তরপাড়ায় বাইক গ্যাংয়ের  দাপট, গৃহবধূর হার ছিনতাই
  • ২৮ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: রাতের উত্তরপাড়ার ছিনতাইয়ের ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়াল। নাগরিক মহলে অসন্তোষ তীব্র হয়ে উঠেছে। স্থানীয়দের তৎপরতায় এক ছিনতাইকারীকে ধরা সম্ভব হয়। বৃহস্পতিবার রাতে উত্তরপাড়ার বি কে স্ট্রিটে ওই ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাতে রামনবমীর পুজো দিতে গিয়েছিলেন গৃহবধূ মধুমিতা সেন। সঙ্গে ছিলেন তাঁর মেয়ে। অভিযোগ, বাইকে চেপে দুই দুষ্কৃতী পিছন থেকে মধুমিতাদেবীর গলার হার ছিনিয়ে পালানোর চেষ্টা করে। মহিলার চিৎকারে পথচলতি মানুষ ও স্থানীয়রা এক দুষ্কৃতীকে তাড়া করে ধরে ফেলে। তারপরে তাকে গণপিটুনি দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ এসে ওই যুবককে উদ্ধার করে নিয়ে যায়। পুলিশ জানিয়েছে, ধৃত যুবক সোদপুরের বাসিন্দা বলে দাবি করেছে। তার প্রকৃত পরিচয় জানার চেষ্টা চলছে। অন্য এক দুষ্কৃতী পালিয়ে গিয়েছে। তারও খোঁজ চলছে। মধুমিতাদেবী বলেন, উত্তরপাড়ায় সম্প্রতি চুরি হচ্ছিল শুনেছি। এভাবে ছিনতাইয়ের শিকার হতে হবে ভাবিনি। পথেঘাটে তাহলে কি বের হওয়া যাবে না? উত্তরপাড়া নাগরিক মহলে ওই ঘটনাকে ঘিরে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে। বাসিন্দাদের অভিযোগ, গত ছ’মাস ধরে উত্তরপাড়া দুষ্কৃতীদের মুক্তাঞ্চলে পরিণত হয়েছে। কোথাও চুরি, কোথাও ছিনতাই আবার কোথাও কেপমারি হচ্ছে। পুলিশ কেন দুষ্কৃতীদের নিয়ন্ত্রণ করতে পারছে না, সেটাই বিস্ময়ের। প্রসঙ্গত, প্রায় ৮ মাস আগে ব্যান্ডেল থেকে বাইক-গ্যাংয়ের তাণ্ডব শুরু হয়েছিল। বাইক নিয়ে পিছন থেকে ছিনতাই এবং মহিলাদের টার্গেট করার সেই শুরু। ক্রমে তা গোটা জেলায় ছড়িয়ে পড়েছে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ