Bartaman Logo
৯ জুন, ২০২৬

বিহার-উত্তরপ্রদেশকে লক্ষ কোটির প্রকল্প মোদির সফরে বাংলার ভাগ্যে মাত্র হাজার কোটি

শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরে বিহার পেয়েছে একদিনে প্রায় ৪৯ হাজার কোটি টাকার প্রকল্প।

বিহার-উত্তরপ্রদেশকে লক্ষ কোটির প্রকল্প মোদির সফরে বাংলার ভাগ্যে মাত্র হাজার কোটি
  • ১ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরে বিহার পেয়েছে একদিনে প্রায় ৪৯ হাজার কোটি টাকার প্রকল্প। বিহারে ভোট আসন্ন।  সুতরাং আপাতত যে বিহারে এরকম প্রকল্প উদ্বোধন, ঘোষণা ও শিলান্যাসের জোয়ার আসবে সেটা প্রত্যাশিত। কিন্তু সেদিনই উত্তরপ্রদেশের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উপহার দিয়েছেন প্রায় ৪৮ হাজার কোটি টাকার ১৫টি প্রকল্প। উত্তরপ্রদেশে আপাতত কোনও নির্বাচন নেই। তবে সাধারণত উত্তরপ্রদেশ, বিহার, গুজরাত, মধ্যপ্রদেশ সহ বিভিন্ন রাজ্যে প্রধানমন্ত্রী সফরের সময় নানাবিধ প্রকল্প ঘোষণা করেন। ব্যতিক্রম বাংলা। কারণ যে শুক্রবার প্রধানমন্ত্রী বিহার এবং উত্তরপ্রদেশে প্রায় ১ লক্ষ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন অথবা ঘোষণা কিংবা শিলান্যাস করলেন, তার ২৪ ঘণ্টা আগেই তাঁর সফর ছিল উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে। সেই জনসভায় তৃণমূল সরকার ও দলকে প্রচুর রাজনৈতিক আক্রমণ প্রত্যাশিতভাবেই করেছেন। কিন্তু বাংলার জন্য কোনও উপহার আসেনি। আলিপুরদুয়ারে যেহেতু জনসভা, তাই স্থানীয় মানুষের জন্য একটিই ঘোষণা করেছেন তিনি। পাইপলাইনের গ্যাস প্রকল্প। বিহার এবং উত্তরপ্রদেশ যেখানে ঠিক পরদিন পেয়েছে ১ লক্ষ কোটি টাকার প্রকল্প, ২৪ ঘণ্টা আগে বাংলা পেয়েছে ১০১০ কোটি টাকার গ্যাসের পাইপলাইন। বহুদিন পর বাংলায় এবং বিশেষ করে উত্তরবঙ্গে প্রধানমন্ত্রীর কর্মসূচি থাকায় একঝাঁক উপহার পাওয়ার আশা ছিল। কারণ আট নয় মাস পরই বিধানসভা ভোট। কিন্তু বাংলার জন্য কেন্দ্রীয় প্রকল্পের খরা কাটল না। 

Advertisement

জাতীয় সড়কের সম্প্রসারণ অথবা ৬ লেন করা, থার্মাল পাওয়ার কেন্দ্র, রেলপ্রকল্প, পাটনা এয়ারপোর্টের নতুন টার্মিনাল বিল্ডিং, নতুন এয়ারপোর্ট সিভিল এনক্লেভ—সব মিলিয়ে শুক্রবার প্রায় ৪৯ হাজার কোটি টাকার প্রকল্প পেয়েছে বিহার। উত্তরপ্রদেশের কানপুরে আয়োজিত অন্য অনুষ্ঠানে ওই একইদিনে মোদির উপহার মেট্রো রেল, বিদ্যুৎ, হাইওয়ে, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট এক্সপ্রেসওয়ে বাবদ ৪৮ হাজার কোটি টাকার প্রকল্প। বিহারে মোদি এ পর্যন্ত ৫০ বার গেলেন তাঁর সময়কালে। 
এই ১ লক্ষ কোটি টাকার উন্নয়ন প্রকল্প ঘোষণা ও উদ্বোধনের ২৪ ঘণ্টা আগে বৃহস্পতিবার বাংলা কী পেল? আলিপুরদুয়ারে মোদি দিয়েছেন ১০১০ কোটি টাকার সিটি গ্যাস ডিস্ট্রিবিউশন প্রকল্প। কোচবিচার এবং আলিপুরদুয়ারের আড়াই লক্ষ পরিবার পাইপলাইনে গ্যাসের সুবিধা পাবে। রেল, হাইওয়ে, এক্সপ্রেসওয়ে, কলকাতা থেকে ৮ ঘণ্টায় শিলিগুড়ি ইত্যাদি অতীত প্রতিশ্রুতি নিয়ে মোদির ভাষণে কিছুই পাওয়া যায়নি। -ফাইল চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ