Bartaman Logo
১৭ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

রেলপথে ভারতের সঙ্গে জুড়ছে ভুটান, বরাদ্দ ৪ হাজার ৩৩ কোটি টাকা

ভুটানকে রেলপথে জুড়তে চলেছে ভারতীয় রেল। সেই কাজে আরও একধাপ এগিয়ে গেল উত্তর-পূর্ব সীমান্ত রেল। নিম্ন অসমের কোকরাঝাড় থেকে ভুটানের ইন্ডাস্ট্রিয়াল হাব গ্যালিফু পর্যন্ত ৬৯ কিমি এবং জলপাইগুড়ির বানারহাট থেকে ভুটানের সামচি পর্যন্ত ২০ কিমি রেলপথ তৈরি হবে।

রেলপথে ভারতের সঙ্গে জুড়ছে ভুটান, বরাদ্দ ৪ হাজার ৩৩ কোটি টাকা
  • ২২ অক্টোবর, ২০২৫ ২১:১০
Prefer us on Google

সংবাদদাতা, আলিপুরদুয়ার: ভুটানকে রেলপথে জুড়তে চলেছে ভারতীয় রেল। সেই কাজে আরও একধাপ এগিয়ে গেল উত্তর-পূর্ব সীমান্ত রেল। নিম্ন অসমের কোকরাঝাড় থেকে ভুটানের ইন্ডাস্ট্রিয়াল হাব গ্যালিফু পর্যন্ত ৬৯ কিমি এবং জলপাইগুড়ির বানারহাট থেকে ভুটানের সামচি পর্যন্ত ২০ কিমি রেলপথ তৈরি হবে। ভুটানকে জুড়তে এই দুই রেলপথের জন্য ভারতীয় রেল বোর্ড ৪ হাজার ৩৩ কোটি টাকা বরাদ্দ করেছে। 

Advertisement

আজ, বুধবার বিকেলে সাংবাদিক সম্মেলন করে এই অর্থ বরাদ্দের কথা জানান উত্তর-পূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার ডিভিশনের রেলওয়ে ম্যানেজার দেবেন্দ্র সিং। পাশাপাশি এদিন সাংবাদিক সম্মেলনে ডিআরএম দেবেন্দ্র সিং বলেন, ২০২৭ সালেই সেবক থেকে রংপো রেলপথে যাত্রীবাহী ট্রেন চালানো হবে। ভুটানের গ্যালিফু প্রতিবেশী দেশের ইন্ডাস্ট্রিয়াল হাব। অন্যদিকে, সামচি ভুটানের একটি শিল্পাঞ্চল শহর। ভুটানের ওই দুটি শহর শিল্পাঞ্চল এলাকা। সেই শহরগুলি রেলপথে যুক্ত হলে ভারতের সঙ্গে ভুটানের ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে। ভুটানের সঙ্গে ওই দুই রেলপথ তৈরির জন্য ভারতীয় রেল বোর্ড ৪ হাজার ৩৩ কোটি টাকা বরাদ্দ করেছে। সম্পূর্ণ বিষয়টি দেখবে উত্তর-পূর্ব সীমান্ত রেল। এছাড়া কামাখ্যাগুড়ি ও বীরপাড়ায় লেভেল ক্রসিংয়ে আরওবি তৈরির চূড়ান্ত ব্যয় বরাদ্দের প্রস্তাবও ইতিমধ্যেই রেল বোর্ডে পাঠানো হয়েছে। সেবক থেকে রংপো পর্যন্ত রেলপথের কাজ চলছে। সাংবাদিক সম্মেলনে ডিআরএম আরও বলেন, আগামী ২০২৭ সালে এই রেলপথে যাত্রীবাহী ট্রেন পরিষেবা চালু করে দেওয়া হবে। সেই লক্ষ্যেই কাজ চলছে। অন্যদিকে, কালচিনির হাসিমারা থেকে জয়গাঁ শহর হয়ে ভুটানের ফুন্টশোলিং পর্যন্তও রেলপথ চালুর দাবি উঠেছে আলিপুরদুয়ারের বিভিন্ন মহলে। 

বিষয়টিতে আলিপুরদুয়ার চেম্বার অব কমার্সের সাধারণ সম্পাদক প্রসেনজিৎ দে বলেন, ভুটানের গ্যালিফু ও সামসিকে রেলপথে যুক্ত করার জন্য ভারতীয় রেলকে অবশ্যই স্বাগত জানাচ্ছি আমরা। তবে আমাদের দাবি, হাসিমারা থেকে জয়গাঁ হয়ে ভুটানের ফুন্টশোলিং পর্যন্ত রেলপথ তৈরি করতে হবে। এতে ভুটানের সঙ্গে ভারতের ব্যবসা বাণিজ্যের আরও প্রসার ঘটবে বলে আমাদের ধারণা।

Advertisement
সম্পর্কিত সংবাদ