Bartaman Logo
২৯ জুলাই, ২০২৬
Advertisement
বর্তমান / বিদেশ

নিজের ঐতিহ্য-সংস্কৃতি নিয়ে গর্ব করতে শিখিয়েছে ভারতীয় বিদ্যাভবন: অক্ষতা

লন্ডনের পোর্টম্যান স্কোয়ারের নবু হোটেল। সপ্তাহান্তে শনিবার আলোয় মালায় সেজে উঠেছে অভিজাত এই হোটেলের ব্যাংকোয়েট হল।

নিজের ঐতিহ্য-সংস্কৃতি নিয়ে গর্ব করতে শিখিয়েছে ভারতীয় বিদ্যাভবন: অক্ষতা
  • ২৭ নভেম্বর, ২০২৫ ১৯:১১
Prefer us on Google

রূপাঞ্জনা দত্ত, লন্ডন: লন্ডনের পোর্টম্যান স্কোয়ারের নবু হোটেল। সপ্তাহান্তে শনিবার আলোয় মালায় সেজে উঠেছে অভিজাত এই হোটেলের ব্যাংকোয়েট হল। উপলক্ষ্য ভারতীয় বিদ্যাভবনের দিওয়ালি গালা উদযাপন। মূল ফটকের সামনে অধীর আগ্রহে দাঁড়িয়ে রয়েছেন সংস্থার ডিরেক্টর ডঃ এম এন নন্দকুমার এমবিই। কিছুক্ষণের মধ্যেই উপস্থিত হলেন প্রধান অতিথি ব্রিটেনের প্রাক্তন ফার্স্ট লেডি তথা শিল্পপতি-সমাজসেবী অক্ষতা মূর্তি সুনাক। তিনি জানান, ভবন নীরবেই তাঁর জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে গিয়েছে। দেশের ঐতিহ্য ও সংস্কৃতি নিয়ে গর্ব করতে শিখিয়েছে এই প্রতিষ্ঠান। এখান থেকে পাওয়া আত্মবিশ্বাসকে সম্বল করে বিশ্বের কাছে নিজেদের মেলে ধরতে পারি। তিনি আরও জানিয়েছেন, ঋষি প্রধানমন্ত্রী হওয়ার পর আমরা ১০ ডাউনিং স্ট্রিটেও নিজেদের ঐতিহ্য ও সংস্কৃতিকে উদযাপন করেছিলাম। আমরা প্রদীপ জ্বালিয়েছি। রঙ্গোলি তৈরি করেছি। অন্যান্য রীতিনীতিও পালন করেছি। পরিবারের পাশাপাশি ভবনের মতো প্রতিষ্ঠানের থেকে পাওয়া শিক্ষা ও মূল্যবোধ থেকেই এই ধরনের কর্মকাণ্ডে যুক্ত হওয়ার আত্মবিশ্বাস তৈরি হয়েছিল। 

Advertisement

ভবনের সঙ্গে দীর্ঘ সম্পর্কের কথা বলেন অক্ষতা। জানান, ২০ বছর বয়সে ইউরোপ ঘোরার পরিকল্পনা করেছিলেন। মা সুধা মূর্তি জানিয়ে দেন, বিভিন্ন দেশে বসবাসকারী পরিচিত-বন্ধুবান্ধব সঙ্গে যোগাযোগ রেখেই বেড়াতে হবে। সেইসময় লন্ডনের প্রসঙ্গ আসতেই বিদ্যাভবনের কথা উল্লেখ করেন সুধাদেবী। মেয়েকে বলেছিলেন, এই স্থানটিকে বন্ধুত্বপূর্ণ ও সুরক্ষিত। ইচ্ছেমতো থাকতে না পেরে মন খারাপ হয়ে গিয়েছিল। কিন্তু, এখানে নন্দ আংকেল, রঘু, তাঁর বোন সীতা আর জানকী আন্টির সঙ্গে আলাপ হতেই ভাবনা সম্পূর্ণ বদলে যায়। বুঝতে পারি, মা কেন ওঁদের কথা বলেছিলেন। 
ঋষি সুনাকের সঙ্গে তাঁর বিবাহ ও ব্রিটেন স্থায়ীভাবে বসবাসের ক্ষেত্রে নন্দজির আশীর্বাদের কথা তুলে ধরেন অক্ষতা। স্পষ্ট ভাষায় জানিয়েছেন, এই ভবন তাঁকে আধ্যাত্মিক, মানবিক ও সাংস্কৃতিক পরিসর দিয়েছে। গৃহপ্রবেশের সময় নন্দজি শ্লোক-মন্ত্র পড়েছিলেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অক্ষতার বাবা আর নারায়ণ মূর্তি, শ্বশুর-শাশুড়ি ডঃ যশবীর ও ঊষা সুনাক। অনুষ্ঠানে সস্ত্রীক হাজির হয়েছিলেন ব্রিটেনে কর্মরত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামীও।  অনুষ্ঠানের শুরুতেই অতিথিদের স্বাগত জানান চেয়ারম্যান সুভানু সাক্সেনা। 

Advertisement
সম্পর্কিত সংবাদ