সংবাদদাতা, মাথাভাঙা: রবিবার মাথাভাঙা-২ ব্লকের প্রেমেরডাঙা ও কোচবিহার-২ ব্লকের মধুপুর গ্রাম পঞ্চায়েতের তোর্সা নদীর চরে প্রায় ৮০ বিঘা জমির পোস্ত খেত নষ্ট করল পুলিস। দুটি ট্রাক্টর দিয়ে খেত নষ্ট করা হয়। পুলিস জানিয়েছে, জমি থেকে চারটি পাম্পসেট, ২০০ মিটার জলের পাইপ ও ৮০০ মিটার বিদ্যুৎ সংযোগের তার বাজেয়াপ্ত করা হয়। অভিযানে মাথাভাঙা মহকুমা পুলিস আধিকারিক সমরেন হালদার, মাথাভাঙার সিআই অজয়কুমার মণ্ডল এবং ঘোকসাডাঙা থানার ওসি কাজল দাস ছিলেন। মাথাভাঙা মহকুমা পুলিস আধিকারিক বলেন, পোস্ত চাষ বন্ধ করতে ধারাবাহিক অভিযান চালানো হচ্ছে। এদিন প্রেমেরডাঙা ও মধুপুর গ্রাম পঞ্চায়েত এলাকার পপিখেত নষ্ট করা হয়। অবৈধ চাষের সঙ্গে কারা জড়িত তা শনাক্ত করে পদক্ষেপ নেওয়া হবে।



